২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুইলচেয়ারে স্মৃতিসৌধে

একাত্তরের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে হুইচেয়ারে চেপে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন মাগুরার তরুণ কাজী বিল্লাল; স্বপ্নাতুর চোখে তিনি জানালেন, শহীদদের থেকে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 09:10 AM

Updated : 25 Oct 2022, 10:20 AM

বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে শনিবার ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর পর জনসাধারণের জন্য সাভারে স্মৃতিসৌধের দ্বার খুলে দেওয়া হয়।  

সাড়ে ৭টার দিকে পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ব্যানারে কয়েকজন তরুণ, কিশোর ও শিশু হুইলচেয়ারে চেপে স্মৃতিসৌধে আসেন।

শ্রদ্ধা জানানোর পর তাদের একজন কাজী বিল্লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাত্তরের যুদ্ধটা আমরা দেখিনি, কিন্তু বইয়ের পাতা থেকে ইতিহাস জেনেছি। সেই উপলব্ধিটা করতে পারি। ওই সময় কতটা করুণ অবস্থা ছিল। নিরস্ত্র বাঙালি তখনও মনোবল দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের বাধা-প্রতিকূলতার মধ্যে আমরা কেন পারব না। আমরা অনুপ্রেরণা পাই।

“আমরাও দেশের স্বাধীনতা রক্ষা করার প্রচেষ্টা নিয়েই এখানে আসি। এখানে এলে আমাদের আত্মবিশাসের যাত্রা হাই হয়। ইয়েস আই ক্যান।”

২০১৪ সালে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে গিয়ে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয় বিল্লালের। পরে সিআরপিতে পুনর্বাসন সেবা গ্রহণ করে নতুন জীবন ফিরে পান।

“আমি ভেবেছিলাম, আমার জীবন এখানেই শেষ। কিন্তু সিআরপির প্রচেষ্টায় নতুন করে জীবন শুরু করার পরিকল্পনা করি।”

তিনি সিআরপির হুইলচেয়ার বাস্কেটবল দলের নিয়মিত খেলোয়াড়। মাগুড়ার সরকারি কলেজে স্নাতকোত্তর পড়ছেন তিনি।

শৈশবে একটি দুর্ঘটনায় হাঁটার শক্তি হারানোর পর অনেক ইচ্ছা থাকার পরও স্মৃতিসৌধে আসতে পারেননি ২৩ বছর বয়সী রুবেল তালুকদার; জীবনের প্রথমবার স্মৃতিসৌধে এসে স্মৃতি ধরে রাখতে নিজের মোবাইলে ছবি তোলেন তিনি।

পাঁচ বছরের ফেরদৌস কথায় নিজের অনুভূতি প্রকাশ করতে না পারলেও চোখে-মুখে তার আনন্দ ফুটে উঠছিল।

সিআরপির আয়া রাশিদা বেগম বলেন, “ওরা এখানে এসে খুব খুশি হয়েছে। ওখানে দেখার তো তেমন দেখার কিছু নাই। ওরা প্রায়ই বলে, স্মৃতিসৌধে যাব।”

সিআরপির সোশাল ওয়েলফেয়ার বিভাগের প্রধান শফিউল্লাহ বলেন, “প্রতিবন্ধীরাও সমাজের একটা অংশ। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। সুতরাং, যারা অ্যাবল আছি তারা যেমন জাতীয় দিবসে শহিদদের শ্রদ্ধা নিবেদন করে তাদেরও আগ্রহ থাকে। তাদের আগ্রহ দেখেই আমরা প্রতি বছর এখানে নিয়ে আসি।

“তারা জানতে চায়, শহীদ হয়েছে তাদের জন্য যে স্মৃতিসৌধ করা হয়েছে, সেটা কেমন? সেখানে কী হয়? কারা শ্রদ্ধা নিবেদন করে? আমরাও শরিক হতে চাই।”

দেশের ১০ ভাগ মানুষ প্রতিবন্ধী; তারাও দেশের উন্নয়নের অংশ হবে তেমনটাই প্রত্যাশা করেন তিনি।