২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা উদযাপনে ২৫-৩১ মার্চ নানা কর্মসূচি

সুবর্ণজয়ন্তী পেরিয়ে এবার স্বাধীনতা দিবস উদযাপনে পাঁচ দিনের কর্মসূচি নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 11:30 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

ধারাবাহিক এই কর্মসূচি ২৫ মার্চ শুক্রবার শুরু হয়ে ৩১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনে যে কর্মসূচি হাতে নিয়েছিল সরকার, মহামারীর কারণে তা এবার মার্চেও পালিত হচ্ছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবস ঘিরে ছয় দিনের অনুষ্ঠানসূচির বিস্তারিত জানান।

২৫ মার্চ সকাল ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে। সন্ধা ৬টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণহত্যা বিষয়ক ভিডিও প্রদর্শনী করা হবে। পরে উদ্যানে হবে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পাশাপাশি সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয়ের সুবর্ণজয়ন্তির অনুষ্ঠান উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ কনসার্ট হবে।

২৭ মার্চ বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে কুইজ, রচনা, সঙ্গীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। পরে হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৮ মার্চ সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর যাত্রাপালা আয়োজন করা হয়েছে।

মন্ত্রণালয়ের উদ্যোগে ৩১ মার্চ রাত ৮টায় হাতিরঝিলে ড্রোন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজি প্রদর্শনী হবে।

তথ্য অধিদপ্তরের তথ্য কর্মকর্তা মোছা. সাবিহা আক্তার লাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৭ মার্চ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির সভা হবে।

জাতীয় কমিটির উদ্যোগে ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ‘মুজিববর্ষ লোকজ মেলা চলছে বলে জানান তিনি।