ভোক্তার অধিকার আদায়ে তরুণদের সক্রিয়তা প্রত্যাশা
ভোক্তার অধিকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার প্রচেষ্টায় তরুণ প্রজন্মের অংশগ্রহণে জোর দেওয়া হয়েছে এক অনুষ্ঠানে আলোচনায়।
বৃহস্পতিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি এই সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোক্তা অধিকার আদায়ের একটা গুরুত্বপূর্ণ পথ হচ্ছে ভোক্তাদের অধিকার বিষয়ে সচেতন করা।
“তরুণরাই ভোক্তাদের অধিকার আদায় করে দিতে এবং ভোক্তাদের অধিকার নিয়ে তাদের সচেতন করতে বেশি ভূমিকা পালন করতে পারে।”
তিনি বলেন, “ভোক্তা আইনের বলা আছে মানুষকে সচেতন করা। কিন্তু সরকারের যে সিস্টেম তাতে মানুষের কাছে পৌঁছানো খুব সহজ নয়। সেক্ষেত্রে এধরনের একটা বড় ফ্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ ভোক্তাদের কাছে তাদের অধিকারের দিকগুলো নিয়ে যাওয়া খুবই সুন্দর সুযোগ। প্রয়োজনে ভোক্তা অধিকার বা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে এধরনের সংগঠন।”
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “কনশাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) ভোক্তা অধিকার নিয়ে যেভাবে কাজ করছে, তা খুবই প্রশংসনীয়।
“মানুষের সচেতনতা ছাড়া পরিবর্তন সম্ভব হয় না। সেই কাজটিই করছে এই সংগঠনের সদস্য। এখানে সাংবাদিকদের অবদানও কম নয়। আজ ভোক্তা অধিকারে অবাদানের জন্য যেসব সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হচ্ছে আমি তাদের অভিনন্দন জানাই।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালনকারী বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুজ্জামান ভোজ্যতেলের বাজারে অসাধুতার বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এপ্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, “তেলের বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিষয়ে একটি বিস্তারিত তথ্য আমরা হাতে পেয়েছি এবং তা বাণিজ্য মন্ত্রণালয়ের জমা দেওয়া হয়েছে।”
সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১৩ বছরে এমন তিনটি আইন করা হয়েছে যেগুলো তুলনামূলকভাবে জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ত। এর মধ্যে প্রধান হলো, ভোক্তা অধিকার আইন। ভোক্তাকে তার অধিকার বুঝে নিতে হবে। ভোক্তা অধিকার লঙ্ঘণ হলে অভিযোগ করতে হবে। প্রতিকার বুঝে নিতে হবে। এর পাশাপাশি তথ্য অধিকার আইন ও নিরাপদ খাদ্য আইনের কথা আমি বলব।”
অনুষ্ঠানে দিনব্যাপী কর্মশালার পাশাপাশি ২০০৯ সালে ভোক্তা অধিকার আইন পাস হওয়ার পর ভোক্তা অধিকার সুরক্ষায় প্রতিবেদন প্রকাশ করার জন্য মুদ্রিত সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও টেলিভিশনের ১০ জন সাংবাদিককের পুরস্কার দেওয়া হয়।
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিবেদক উদিসা ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আতিকুর রহমান ফয়সাল ও ঢাকা পোস্টের প্রতিবেদক শফিকুর ইসলাম,
একাত্তর টেলিভিশনের সাজিদ সরকার, মাছরাঙা টেলিভিশনের ওবায়দুল কবির (বাবু), দেশ টেলিভিশনের মো. ফখরুল ইসলাম ও সময় টেলিভিশনের জুবায়ের ফয়সাল, দৈনিক যুগান্তরের ইয়াসিন রহমান, ডেইলি স্টারের মওদুদ আহম্মেদ সুজন ও কালের কণ্ঠের সজীব আহমেদ পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
এছাড়া ভোক্তা স্বার্থ রক্ষায় অসামান্য অবদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স বিষয়ক কারিগরি কমিটির সমন্বয়ক এ এইচ এম সফিকুজ্জামানকে, নিরাপদ খাদ্য নিশ্চিতে অবদানের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবীর মিলনকে, ভোক্তা অধিকার আন্দোলনে অবদানের জন্য পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে ও ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
সম্মেলনে ৪৬টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিসিএস ও এর অঙ্গ সংগঠন ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এবং ‘সিসিএস স্বেচ্ছাসেবী’র প্রায় ৩০০ সংগঠক অংশগ্রহণ করেন।
