২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পাননি সাবেক এলজিআরডি মন্ত্রীর ভাই বাবর

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক স্থানীয় সরকারমন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ তিন আসামির জামিন আবেদন খারিজ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 06:32 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

বৃহস্পতিবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ১৭ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেন ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।

বাকি দুই আসামি হলেন- ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল।

আদালতের সাঁটলিপিকার খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থপাচারের এই মামলায় সাবেক মন্ত্রীর ভাই ও দুই সহোদরের জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারক তা নামঞ্জুর করেছেন।”

২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন মোহতেশাম হোসেন বাবর, বরকত ও রুবেলসহ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ

তদন্ত শেষে গত ৩ মার্চ বরকত, রুবেল এবং বাবরসহ মোট ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা।

ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে অবৈধ সম্পদ অর্জন এবং অন্তত দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

আইনজীবী শাহীনুর ইসলাম ও অপর এক আইনজীবী আসামিদের পক্ষে আদালতে জামিন আবেদন করেন।

রুবেল ও বরকতের বিরুদ্ধে ‘অভিযোগ সুষ্পষ্ট নয়’ দাবি করে তাদের আইনজীবীরা বলেন,“বলা হচ্ছে দুই হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। তার মধ্যে তারা ১ হাজার ৬০০ কোটি টাকার টেন্ডারের কাজ করেছে।

“কাজগুলো তারা আইন অনুযায়ী করেছে। সেটা এর মধ্যে কিভাবে আসবে। বাকি টাকার অভিযোগও সুনির্দিষ্ট নয়। আসামিরা প্রায় দুই বছর ধরে জেলে আছে। তাই তারা জামিন পেতে পারেন।”

বাবরের আইনজীবী শুনানিতে বলেন, “তার (বাবর) বিরুদ্ধে মামলায় অন্য আসামিদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ। তিনি আশ্রয়-প্রশ্রয় দিলেন, আর অন্য আসামিরা ফরিদপুরে ত্রাসের রাজত্ব করল, তখন ফরিদপুরের প্রশাসন কি করছিল?

আদালতে তিনি প্রশ্ন তুলে বলেন, “প্রশাসনের ছত্রছায়ায় যদি হয় তবে প্রশাসনের লোকেরা আসামি নয় কেন?”

যে অভিযোগ তা সিআইডি তদন্ত করার ‘এখতিয়ার রাখে না’ দাবি করে এই আইনজীবী বলেন, “শুধু রাজনৈতিক কারণেই তিনি আসামি হয়েছেন। বাবরের বয়স ৬৫ বছর। তিনি অসুস্থ। জামিন পেলে পালিয়ে যাবেন না।”

Image
খন্দকার মোহতেশাম হোসেন বাবর

খন্দকার মোহতেশাম হোসেন বাবর

রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি মাহবুবুল হাসান তাদের জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির তারিখ ঘোষণা করেন।

এই মামলায় মোহতেশাম হোসেন বাবরকে গত ৮ মার্চ রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের জানান।

বাবর ফরিদুপর আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি। এর আগে তিনি ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

মামলায় সাজ্জাদ হোসেন বরকতের বিরুদ্ধে অভিযোগে বলা  হয়, তিনি ‘অবৈধ উপায়ে’ ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন।

এছাড়া দুর্নীতি দমন কমিশন- দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ১৭ কোটি ৯০ লাখ ৩ হাজার ১৪১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, তিনি ‘অবৈধ উপায়ে’ ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২ টাকার  ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদের মালিক হয়েছেন।

দুদকে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে ৩৬ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৬৫২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য তিনি গোপন করেছেন বলে তার বিরুদ্ধে অভযোগ করা হয়।

তারা দুজনেই দুদকে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে অর্থের উৎস এবং খাতের ‘মিথ্যা তথ্য’ দিয়েছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়ার পর বরকতকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে দুই ভাইয়ের ব্যাংক হিসাব জব্দেরও আদেশ দেয় আদালত।

তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা, চাঁদাবাজি, চুরি এবং অর্থপাচারের অভিযোগে আরো আটটি মামলা রয়েছে।

আরও পড়ুন

ফরিদপুরে ২ হাজার কোটি টাকা পাচার মামলার আসামি বাবর কারাগারে  

সাবেক এলজিআরডি মন্ত্রীর ভাই বাবর গ্রেপ্তার