অন্য যে কোনো লক্ষ্য অর্জনের জন্য মানবাধিকারের নিশ্চয়তা দরকার: স্পিকার
যে কোনো ক্ষেত্রে অগ্রগতি অর্জনের জন্য মানবাধিকার রক্ষাকে অগ্রাধিকারে রাখতে বলেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি
বুধবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “মানবাধিকার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অন্য যে কোনো লক্ষ্য অর্জনের জন্য মানবাধিকার দেওয়া দরকার।”
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএস) আয়োজিত মানবাধিকার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার।
বিআইআইএসএস মিলনায়তনে ‘হিউম্যান রাইটস ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি: রেটরিক অ্যান্ড রিয়ালিটি’ শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠান হয়।
স্পিকার বলেন, আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে বাস্তবিক অর্থে মানবাধিকারের সুরক্ষা।
মানবাধিকারের রক্ষার ক্ষেত্রে মুখের কথা ও বাস্তবতার মধ্যে ব্যবধান কমিয়ে আনার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “পৃথিবীর বহুমুখী সমাজে সমতা, নারীর সমতা, ইনক্লুসিভনেস ও টেকসই আত্মসামাজিক উন্নয়নকে নিশ্চিত করার জন্য মানবাধিকারের প্রতি সম্মান ও মতপ্রকাশের স্বাধীনতাকে অলঙ্ঘনীয় নীতি হিসাবে নিতে হবে।”
বাংলাদেশের সংবিধানে মানবাধিকারের সুরক্ষা দেওয়ার কথা তুলে ধরে স্পিকার বলেন, “নিজ দেশে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ মানবাধিকার রক্ষার দৃষ্টান্ত দেখিয়েছে বিশ্ববাসীকে।”
শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থায় মানবাধিকারের ক্ষেত্রটি বৈচিত্র্যময় ও সুবিস্তৃত হয়েছে। মানবাধিকারের বিষয়টি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জন্মের পর থেকেই মানুষ মানবাধিকারগুলো অর্জন করে থাকে।
“প্রতিটি দেশের সরকারের দায়িত্ব মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, টেকসই সামাজিক উন্নয়ন, মানবাধিকার যেন লঙ্ঘন না হয় ইত্যাদি বিষয়গুলো নিশ্চিত করতে হবে।”
সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কমিশন দেশের সকল ব্যক্তির মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে মৌলিক মানবাধিকার উন্নয়নে বাংলাদেশের কর্মদক্ষতা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, বাংলাদেশ লিঙ্গসমতায়নে দক্ষিণ এশিয়ায় পরপর সাতবার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম এনডিসি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে সংসদ সদস্য আরমা দত্ত, জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস উপদেষ্টা হুমা খান, অধ্যাপক মিজানুর রহমান ও ইউএনএইচসিআরের সিনিয়র প্রটোকল অফিসার সুভাষ ওস্টি আলোচনা পর্বে অংশ নেন।
বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান সেমিনারে সূচনা বক্তব্য দেন।
