জীবন সায়াহ্নে জলের কাঞ্চন পেলেন ডাঙ্গার ঘর
জন্মের পরেই মা হারা কাঞ্চন সর্দার নদীর জলে ডুবে-ভেসে জীবনের ৭০টি বছর পার করেছেন; ছোট্ট একটি নৌকায় ঝড়-জলোচ্ছ্বাস, জন্ম-মৃত্যুর সাক্ষী হয়েছেন, শুধু সুখ-স্বাচ্ছন্দ্যের দেখাই তিনি পাননি।
বয়সের ভারে চামড়া কুঁকড়ে গেছে, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে, শরীরও গেছে বেঁকে। জীবন সায়াহ্নে এসে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর ধারে একটি ঘরের মালিক হয়েছেন কাঞ্চন।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে নেওয়া আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই হয়েছে কাঞ্চনের মত পটুয়াখালী, ভোলা, বরিশাল, মনপুরার নদী অববাহিকায় দলবেঁধে ভাসতে থাকা ‘মানতা’ সম্প্রদায়ের আরও ২৯টি নৌকার শতাধিক বাসিন্দার।
ভাসমান এই জনগোষ্ঠীর নারী-শিশু-প্রবীণরা চরমোন্তাজের ওই আশ্রয়ণ প্রকল্পে যেন নতুন এক পৃথিবীর দেখা পেয়েছেন।
নিজের ঘরের বারান্দায় বসে জলজীবনের কষ্টের কথা বলছিলেন বৃদ্ধ কাঞ্চন। স্মৃতিতে উঁকি দিচ্ছিল মাত্র ১১ দিন বয়সে মাকে হারানোর কথাও, যে ঘটনা তিনি পরে শুনেছেন অন্যদের কাছে।
রাঙ্গাবালীর আঞ্চলিক ভাষায় কাঞ্চন যা বললেন, তা অনেকটা এরকম- জন্মের ১১দিন পর মা মারা যাওয়ার নানীর কাছেই বড় হয়েছেন তিনি। মায়ের আদর কী জিনিস তা জানার সুযোগ হয়নি।
নানী যে কী খাইয়ে বড় করেছেন, তাও মনে নেই। যখন বুঝতে শিখেছেন, তখন থেকে নিজেকে দেখে আসছেন নৌকায় ভাসমান।
“ভাসতে ভাসতে তো জীবনের ৭০ বছর গেল। মরার আগে এরকম একটা ঘর হবে, তা তো কখনো ভাবিনি। শেখ হাসিনাকে ধন্যবাদ, এরকম ঘরের ব্যবস্থা করার জন্য।”
নদী জীবনে পদে পদে বঞ্চনার বর্ণনা দিতে গিয়ে কাঞ্চন বলেন, “সোনার চর, আন্ডার চর, কালাগাছিয়া কোথাও আমাদের ভিড়তে দেয় না। মাছ ধরতে গিয়ে কত মাইর খাইছি। নদীতে বড়শি ফেলছি, সেজন্য কতো যে মারছে।
“সিডরের সময় নদীতে ছিলাম। বিকাল বেলা বাতাস আর ঢেউয়ের এক ঝাপটায় নৌকাটা তলায়ে গেল। আমি কোনো রকমে সাঁতার কেটে কূলে আসলাম। সেদিন কূলে আসতে পারছি বলে আজও বেঁচে আছি। একটা ঘর পেয়েছি।”
আশ্রয়ণ প্রকল্পের আরেক বাসিন্দা জহুরা বেগম বললেন, “জন্ম আমাগো পানিতেই। সারাজীবন নৌকায় কাটাইছি। শেখ হাসিনা আমাগোরে একটা ঘর দিছে। এখন আর নদীত যাই না। এখন মাইষের জালে হুতা বান্দি, দুগ্গা ছেলে লইয়া খাই। বেশি কষ্ট হইলে মাইষের কাছে হাত পাতি।
(নদীতেই আমাদের জন্ম। সারাজীবন নদীতেই ছিলাম। শেখ হাসিনা একটা ঘর দেওয়ার পর আর নদীতে যাই না। এখন মানুষের জালু বুনে কিছু টাকা পাই। সেই টাকা দিয়ে সংসার চালাই। বেশি প্রয়োজন হলে মানুষের কাছে ভিক্ষা করি।)
মানতা কারা?
উপকূলীয় অঞ্চলের ঠিকনাহীন মানতারা এক সময় সমতল ভূমিরই বাসিন্দা ছিলেন। ক্রমাগত নদীভাঙনে নিঃস্ব হতে হতে তারা নৌকার বাসিন্দা হয়ে উঠেছেন। নিজের বংশ থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন এক সম্প্রদায়ে রূপ পেয়েছেন তারা। অন্যদের ভাষায় তাদের নাম হয়েছে মানতা।
মানতাদের একেকটি নৌকা একেকটি পরিবার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা নৌকাতেই কাটিয়ে দেয়, জীবিকা নির্বাহ হয় মূলত মাছ ধরে।
১২ মাস জলে বসবাস করলেও বর্ষার বৈরী আবহাওয়ায় বেদে সম্প্রদায়ের মত পরিত্যক্ত ভূমিতে তাঁবু খাটিয়েও থাকেন তারা। তবে স্থানীয়দের সঙ্গে কোনো সম্পর্ক না থাকায় আগন্তুকের মত জনবিচ্ছিন্নভাবেই চলে তাদের সমাজ।
বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুরের নদী অববাহিকায় মানতাদের নৌকার দেখা মেলে। বিচ্ছিন্ন জীবনের কারণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে অনেকটাই বিচ্ছিন্ন প্রান্তিক শ্রেণির এই মানুষেরা।
চরমোন্তাজে মানতা ভাসমান স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যতদূর জানা যায়, ১৯৮৪ সাল থেকে এই মানুষগুলো এ অঞ্চলের নদী ও সাগর মোহনার বিভিন্ন চরের আশপাশে বসবাস করে আসছে।
“এর আগেও কিছু কিছু মানুষ নৌকায় বসবাস করত, তবে তারা সম্প্রদায়ে রূপ নিতে পারেনি। স্থানীয়রা তাদেরকে ‘মানতা’ বা ‘ভাসান’ বলে ডাকে। ধর্ম বিশ্বাসে তারা মুসলিম। চর মোন্তাজের পাশের তেঁতুলিয়া নদী এলাকায় এরকম ৯৬টি মানতা পরিবারের হিসাব পাওয়া যায়। আবার বর্ষার মওসুমে বিভিন্ন এলাকা থেকে আরও অন্তত ৫০টি ভাসমান পরিবার তাদের সঙ্গে যোগ দেয়।”
আইয়ুব বলেন, সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর শিশুদের জন্ম হয় নৌকাতেই। এক নৌকার বাসিন্দার সাথে আরেক নৌকার বাসিন্দার বিয়ে হয়।
“লোকাল মানুষ তাদের সাথে মিশত না। এখন কিছুটা মিশতে শুরু করেছে। আগে তারা নৌকা পরিবারের বাইরে বিয়ে করতে পারত না। মান্তারা অন্যদের সাথে খুব একটা মিশতে পারত না। স্কুলে যেতে পারত না। তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখত। তারা কোনো হোটেলে খেলে ওই প্লেটে অন্য কেউ খেতে চাইত না, এমনও হয়েছে।”
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ২০১৩ সালে প্রথমবারের মত মান্তা সম্প্রদায়ের জন্য একটি ভাসমান স্কুল প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে ভাসমান নৌকায় তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে শুরু করে।
আরও ঘর পাবেন মানতারা
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা নদী ভাঙন এলাকার মানুষ, মূলত তারাই নদীতে বসবাস করত। বলতে গেলে একেবারেই সুবিধাবঞ্চিত ছিল তারা।
“এখন তাদেরকে আমরা সমাজের মূল উন্নয়নের স্রোতধারার সঙ্গে একীভূত করতে পেরেছি। তাদেরকে আমরা স্থলভাগে নিয়ে এসেছি।”
মাশফাকুর রহমান বলেন, নদীর কিনারে মানতাদের পছন্দমত জমিতে ১৪ ফুট উঁচু ৬৬ শতক জায়গায় ২৯টি পরিবারকে প্রাথমিকভাবে পুনর্বাসন করা হয়েছে। আরও ৩০টি পরিবারকে পুনর্বাসনের জন্য কাজ চলছে।
আশ্রয়ণ প্রকল্পের অধীনে পুরো রাঙ্গাবালী উপজেলার জন্য ১৮৮৫টি ঘর বরাদ্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বরাদ্দের অধিকাংশ ঘরেই নির্মাণ হয়ে গেছে। সর্বশেষ ধাপে চলমান আছে ২৯৭টি ঘর নির্মাণের কাজ।
“মানতারা নির্দিষ্ট কোনা এলাকা থাকে না বলে তারা ভোটার ছিল না। এখন এই এলাকার ঠিকানায় তাদেরকে ভোটার করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে ২৯টি মান্তা পরিবারের পুনর্বাসন হয়েছে। তৃতীয় ধাপে হবে আরও ৩১টি পরিবারের।”
নৌকার ভাসমান জীবন ছেড়ে ডাঙ্গায় থিতু হওয়া এই পরিবারগুলো এখন নিজেদের ঘরে হাঁস-মুরগি পালন করছে। দুর্গম এই চরে সাবমেরিন কেবলের মাধ্যমে নিয়ে আসা বিদ্যুত আশ্রয়ণ প্রকল্পেও পৌঁছেছে।
সুপেয় পানির জন্য রয়েছে গভীর নলকূপ। নদীর ঠিক তীরবর্তী হওয়ায় অন্য সাধারণ জেলের মত মাছ ধরারও সুযোগ পাচ্ছেন নতুন ঘরের বাসিন্দারা।
