আনসার নাছির হত্যা: দুই জনের ১০ বছর কারাদণ্ড, ১০ জন খালাস
ঢাকার উত্তর খানে ১৪ বছর আগে ডাকাতির সময় আনসারের সহকারী অ্যাডজুটেন্ট মো. নাছির উল্লাহ খানকে হত্যার ঘটনায় দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার প্রথম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বুধবার এ রায় ঘোষণা করেন।
অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় এ মামলার বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয় রায়ে।
দণ্ডিত আসামিরা হলেন- আরব আলী হাওলাদার ওরফে ডাকাত আলী এবং রহমান খাঁ। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুই আসামির মধ্যে রহমান খাঁ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন বিচারক।
এ ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা জানান, দণ্ডবিধির ৩৯৬ ধারায় দুই আসামিকে দশ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া দণ্ডবিধির ৪১২ ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
“রায়ে বিচারক বলেছেন, পৃথক দুটি ধারার সাজা একসঙ্গে চলবে। ফলে আসামিদের দশ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।”
খালাস পাওয়া আসামিরা হলেন- মো. সালাম, নুরুল ইসলাম তালুকদার, গোলাম মোস্তফা, রেজাউল ব্যাপারী, লিটন হাওলাদার, মো. জালাল খা, মিজান মোল্লা, সহি সরদার, ইয়ামিন ব্যাপারী, ফজলুল করিম সরকার।
মামলার নথি ও রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর উত্তরখান থানার মাউসাইদ পূর্বপাড়ায় আনসারের সহকারী অ্যাডজুটেন্ট মো. নাছির উল্লাহ খানের বাড়ি ঘেরাও করে ডাকাতরা। তারা বাইরে থেকে জানালা দিয়ে গুলি করে নাছিরকে আহত করে এবং কলাপসিবল গেইটের তালা ও মূল দরজা ভেঙে ভেতরে ঢোকে।
বাসায় ঢোকার পর ডাকাতরা নাছিরের স্ত্রী আবেদা সুলতানা ও মেয়ে নুসরাত জাহান বৃষ্টিকে মারধর করে এবং ভয় দেখায়। আহত নাছিরকে তারা আবারও গুলি করে এবং আলমারি ভেঙে ৪০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ ৭১ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত নাছিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নাছিরের ছোট ভাই শামসুদ্দিন খান উত্তর খান থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৯ সালের ৩০ এপ্রিল পুলিশ ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তাদের মধ্যে রেজাউল করিম হাওলাদার ও শেখ আবু নামের দুই আসামি বিচার চলাকালে মারা যান।
মামলার অভিযোগপত্রভুক্ত ২৩ সাক্ষীর সবার সাক্ষ্য শুনে বুধবার রায় দিল আদালত।
