রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীতে কংক্রিট মিকশ্চার মেশিনের গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মো. আসিফ (২৪) খাবারের চেইন শপ কেএফসিতে কাজ করতেন।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “মঙ্গলবার রাতে মালিবাগ মোড়ে রাস্তা পার হওয়ার সময় ক্রাউন সিমেন্টের একটি কংক্রিট মিকশ্চার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আসিফ।পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
গাড়িটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “ওই গাড়িতে দুজন চালক ছিল। একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
আসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
