‘ভবনের নিচে পড়ে ছিল’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ
রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
আকাশ রায় নামের ২৪ বছর বয়সী ওই তরুণ ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। শুক্রাবাদের এক ভবনে বন্ধুদের সঙ্গে মেসে থাকতেন তিনি।
বন্ধুরা বলছেন, আকাশ ভবনের ‘ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন’ বলে তাদের ধারণা। তবে ময়নাতদন্তের আগে পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আকাশকে তার বন্ধুরা বুধবার সকাল ৭টার দিকে হাসপাতালে নিয়ে যায়।
“চিকিৎসক দেখার পর জানান, সে আগেই মারা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
আকাশকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যারা, তাদের মধ্যে ছিলেন তার বন্ধু পঙ্কজ অধিকারী। শুক্রাবাদের ওই চারতলা বাড়ির তৃতীয় তলায় তারা পাঁচজন মিলে মেস করে থাকেন।
পঙ্কজ বলেন, ভোরে ভবনের নিচে ‘রক্তাক্ত অবস্থায়’ আকাশকে পড়ে থাকতে দেখা যায়। আর আকাশের ফোনটি পাওয়া যায় বাসার ছাদে। আর তার মুখ দিয়ে ‘হারপিকের গন্ধ’ পাওয়া যাচ্ছিল।
“আমাদের ধারণা আকাশ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। এবং লাফ দেওয়ার আগে সে হারপিক খেয়ে নিয়েছিল।”
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “কীভাবে আকাশের মৃত্যু হয়েছে তা তদন্তের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশকে জানানো হয়েছে।”
আকাশের বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে, বাবার নাম রতন রায়। পরিবারের সবাই গ্রামে থাকেন। তাদের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ।
