২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কের ৫০ বছর: বাংলাদেশকে জাপান সম্রাটের শুভেচ্ছা

স্বাধীনতা দিবস ও জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে জাপানের সম্রাট নারুহিতো বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 10:20 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

মঙ্গলবার ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জাপান সম্রাটের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “জাপানের সম্রাট নারুহিতো অভিনন্দন বার্তায় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন।”

জাপানি রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের যে ভিত রচিত হয়েছিল তা এখন বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিস্তৃত।

জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে জাপানের অবদান এবং বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে জাপানের উন্নয়ন সংস্থা-জাইকার ভূমিকা তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের বিনিয়োগ দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। ভবিষ্যতেও দুই দেশের এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।