২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে

আগামী ১ এপ্রিল থেকে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর দেওয়া যাবে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 11:03 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে বিকাশ।

ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং বিকাশের পক্ষে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ট্যাক্স দেওয়া হলে রাজধানীবাসীর ভোগান্তি কমবে।

“অনলাইনে ট্যাক্স পরিশোধ করা হলে নগরবাসীকে কিন্তু আর সশরীরে সিটি কর্পোরেশনে আসতে হবে না। এর ফলে তাদের সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি যানজটও কিন্তু কমবে।”

মেয়র আতিকুল ইসলাম বলেন, “রেভিনিউ অটোমেশনের এই অগ্রযাত্রায় ডিএনসিসির সাথে যুক্ত হয়েছে বিকাশ। আমি বিকাশকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই ডিএনসিসির রাজস্ব বিভাগকে রেভিনিউ অটোমেশনের কাজটি বাস্তবায়নের জন্য।”

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপস্থিত ছিলেন।

একই সেবা দিতে রোববার আরেক মোবাইল ব্যাংকিং সেবাদাতা কোম্পানি নগদের সঙ্গে চুক্তি করেছিল ডিএনসিসি।