জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ফুল দেওয়ার পর স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির স্মরণে কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর, তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়।
বেঁচে থাকলে বৃহস্পতিবার ১০২ বছর পূর্ণ হত বাংলাদেশের জাতির পিতার। বৃহস্পতিবার তার জন্মবার্ষিকী উদযাপনের সঙ্গে জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হচ্ছে দিনটি।
বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধারণ এক পরিবারে। ছোটবেলাতেই রাজনীতি সচেতন ছিলেন তিনি।
দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ এবং পরবর্তীতে ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেন। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয়-দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান পেরিয়ে ৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।
বঙ্গবন্ধুর সাহসী, দৃঢ়চেতা, আপোষহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ সংগ্রামে অনুপ্রাণিত হয়ে জেগে ওঠে শত বছরের নির্যাতিত-নিপীড়িত পরাধীন বাঙালি জাতি। যার ফলে ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় বাঙালির জাতি রাষ্ট্র বাংলাদেশ।
বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার প্রথম প্রহরেই শুরু হয়েছে, এরপর দিনভর থাকছে নানা আয়োজন। ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্য নিয়ে টুঙ্গিপাড়ায় কর্মসূচি আয়োজন করা হয়েছে।
দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী নেওয়া হয়েছে বিশেষ প্রার্থনা কর্মসূচি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন। সেখাতে ফাতেহা পাঠ করবেন রাষ্ট্র ও সরকার প্রধান। বিকালে বঙ্গভবনে হবে বিশেষ মিলাদ।
শুক্রবার বেলা আড়ইটায় টুঙ্গিপাড়ায় আলোচনা সভা করবে আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
