বাবাকে হাতুড়ি পিটিয়ে হত্যার পর থানায় যুবক
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এক যুবক থানায় গিয়ে বলেছেন, মায়ের চিকিৎসার অবহেলা করায় তিনি তার বৃদ্ধ বাবাকে হত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরের কিছু আগে ভাটারা থানা এসে হত্যার দায় স্বীকার করে ধরা দেন শেখ মো. নাসির (৩০) নামে ওই যুবক।
নিহত ব্যক্তির নাম শেখ মো. সেলিম (৭০)। তিনি পাথরের ব্যবসা করেন।
নাসির তার বাবার ব্যবসায় সহায়তা করে থাকেন বলে জানান ভাটারা থানার ওসি সাজেদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিমের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। অসুস্থ মায়ের ঠিকমতো চিকিৎসা হচ্ছে বলে বাবাকে দোষারোপ করে আসছিলেন নাসির।
“এনিয়ে পরিবারে মধ্যে প্রায়শই ঝামেলা হত। ভোর ৫টার দিকে এনিয়ে পিতা-পুত্রের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে কাছে থাকা হাতুড়ি দিয়ে নাসির তার বাবার মাথায় আঘাত করেন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এরপর নাসির তার বাবার কক্ষের দরজায় তালা দিয়ে বাইরে চলে যান। দুপুরের দিকে থানায় উপস্থিত হন।
ওসি জানান, ফজরের নামাজের পর শেখ সেলিম ঘুমিয়ে আছেন ধারণা করে তাকে আর ডাকেনি পরিবারের সদস্যরা। বেলা হলেও না উঠায় তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেন তারা।
“আমরা গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করি, এরই মধ্যে খবর আসে থানায় নাসির আত্মসমর্পণ করেছে,” বলেন ওসি।
তিনি বলেন, এই ঘটনায় সেলিমের মেয়ে নূর জাহান বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
