২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাক্তাই ও রাজাখালী খালে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ

চট্টগ্রাম নগরীর চাক্তাই খাল ও রাজাখালী খাল দখল করে নির্মিত ১২৬টি অবৈধ স্থাপনা ৩ মাসের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 06:26 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

দখলকারীদের নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দুই সপ্তাহ সময় দিতে বলেছে আদালত। পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে শহরের ভিতরে প্রবাহিত চাক্তাই খাল ও রাজাখালী খালের প্রকৃত সীমানা চিহ্নিত করে খালের জায়গায় মাটি ভরাট, দখল উচ্ছেদ এবং নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা চেয়ে ২০১৬ সালে জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদনটি করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

পরে একই বছরের ৬ জুন রুল জারি করে এবং আদালত জেলা প্রশাসনকে চাক্তাই খাল ও রাজাখালী খাল জরিপ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়।

এ নির্দেশের পর জেলা প্রশাসন প্রতিবেদন দাখিল করলে তা রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করে। ওই প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের বাকলিয়া ও পাঁচলাইশ মৌজায় ১২৬টি অবৈধ দখল রয়েছে, যেখানে ভবন, গুদাম, ব্যবসা প্রতিষ্ঠান ও টিনশেড ঘর রয়েছে। এরমধ্যে চাক্তাই খাল এলাকায় ৬৫টি ও রাজখালী খাল এলাকায় ৬১ অবৈধ স্থাপনা রয়েছে।

সে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেসব অবৈধ স্থাপনা ৯০ দিনের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছে বলে জানান এইচআরপিবির আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেন, “সংবিধান, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, জলধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে খাল ভরাট করা নিষিদ্ধ থাকলেও চট্টগ্রাম শহরে প্রশাসনের শত শত ব্যক্তিদের চোখের সামনে খালের জায়গা দখল করে পানির প্রবাহ বন্ধ করা হয়েছে। যার কারণে চট্টগ্রাম বসবাসরত লক্ষ লক্ষ মানুষ জলাবদ্ধতার সম্মুখীন হয়।”

আদালতে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঞা, রিপন বাড়ৈ ও সঞ্চয় মন্ডল। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস কে সাইদুজ্জামান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী এম এ হান্নান।

সরকারি খাস জমিতে ‘অবৈধ’ ভেড়া কলোনি বস্তি

চাক্তাই খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ