২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় আতশবাজি-পটকাসহ গ্রেপ্তার ২

শবে বরাতের আগে ঢাকার আশুলিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 02:29 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

গ্রেপ্তাররা হলেন- মো. কবির হোসেন (৫২) এবং মো. তানভীর হোসেন (২০)। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেখানে বলা হয়, শবে বরাত সামনে রেখে আশুলিয়া থানার হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে বিপুল পরিমাণ ‘বিক্রয় নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা’ মজুদ করেছিল কিছু ব্যক্তি।

সেই খবরে র‌্যাব সদস্যরা ওই দোকানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে কবিরের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ রকমের আতশবাজি ও পটকা উদ্ধার করে। এসব আতশবাজির দাম আনুমানিক ৩০ লাখ টাকা বলে র‌্যাবের ভাষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও ১০ থেকে ১২ জন এ কাজে জড়িত, যাদের এখনও ধরা যায়নি।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বলেছে, শবে বরাত এবং বিভিন্ন জাতীয় দিবসে দেশে নাশকতা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে দীর্ঘদিন ধরে এসব মজুদ করেছে তারা।”

প্রতিবেশী দেশ থেকে অবৈধ পথে সংগ্রহ করা আতশবাজি ও পটকা তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলেও জানিয়েছে র‌্যাব।

আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।