২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 09:50 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

মঙ্গলবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পেটার ডি হাস বঙ্গভবনে পরিচয়পত্র দিতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এ সম্পর্ক কূটনীতির পাশাপাশি বানিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।”

রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে সে ব্যাপারে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।

কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে টিকাসহ অন্যান্য সহযোগিতা দেওয়ায় যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি ।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল গার্ড অব অনার দেয়।

গত ১ মার্চ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনের দায়িত্ব নিতে ঢাকায় আসেন পেটার হাস।

পেশায় কূটনীতিক হাস সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিভাগে ভারপ্রাপ্ত সহকারী সচিবের দায়িত্বে ছিলেন।

মূলত বাণিজ্য বিষয়ক নানা দায়িত্ব পালন করে আসা হাসের প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্তরাষ্ট্রের উপমিশন প্রধানের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে।

পেটার হাস এর আগে ভারতে যুক্তরাষ্ট্রের মুম্বাই মিশনেও কাজ করেছিলেন।

Image
ছবি: পিআইডি

ছবি: পিআইডি

মালদ্বীপে বাংলাদেশের নতুন হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদও মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নতুন হাই কমিশনার দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের রাষ্ট্রপতির পারস্পরিক সফর বিনিময়ের ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হয়েছে।

রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগসহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়াতে নতুন হাই কমিশনারকে পরামর্শ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।