যৌতুকের ‘ভুয়া’ মামলার বাদী ও সাক্ষী রিমান্ডে
অচেনা ব্যক্তির বিরুদ্ধে যৌতুকের মামলা করার অভিযোগে বাদী ও সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুল হাসান জানিয়েছেন।
তিনি বলেন, “আসামি দুই নারীকে হাজির করে কোতয়ালি থানা পুলিশ পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই নারীকে এক দিনের রিমান্ডের আদেশ দেন।”
রিমান্ডে নেওয়া দুই নারী হলেন- মোসা. বিউটি ও মনিকা।
মামলার বিবরণ অনুযায়ী, ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গেল মাসে যৌতুকের একটি মামলা করেন মোসা. বিউটি। পরে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন বিচারক রাশেদ কবির।
ঢাকার মুখ্য মহানগর আদালতে বিচার বিভাগীয় তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য বাদী মোসা. বিউটি ও সাক্ষী মনিকা হাজির হন। সাক্ষ্য দেওয়ার সময় বাদীর কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হয় সাক্ষ্যগ্রহণকারী হাকিম নুরুল হুদার।
তখন বিচারক তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ শুরু করলে বিউটি স্বীকার করেন যে, মামলার আসামি মারজানুল হককে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তিনি সিলেটের মজিবুর রহমান নামের এক ব্যক্তির কথায় এবং অর্থলোভে মিথ্যা মামলায় বাদী হতে সম্মত হয়েছেন। মজিবুরই বিউটির জাল জাতীয় পরিচয়পত্র এবং জাল নিকাহনামা প্রস্তুত করে দেন। পরে সাক্ষী মনিকার সহযোগিতায় মামলা করা হয়।
বিউটির স্বীকারেক্তির পর বিচারকের নির্দেশে আদালতের বেঞ্চ সহকারী সেখ তানভীর রেজা মুন্না বাদী হয়ে রোববার কোতয়ালী থানায় মামলা করেন।
কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, “তানভীর রেজা মুন্না নামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারী রোববার মোসা. বিউটি (২৬) ও মনিকা (৩৩) নামের দুজনকে থানায় নিয়ে আসেন। ভুয়া মামলার বাদী ও সাক্ষী হওয়ার অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছি আমরা।”
