প্রতিবন্ধী নারী হত্যার দায়ে যুগলের যাবজ্জীবন
সাড়ে ছয় বছর আগে ঢাকার কাফরুলে সামরিনা সুলতানা রুনা নামে এক প্রতিবন্ধীকে হত্যার দায়ে প্রেমিক-প্রেমিকাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
সোমবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মো. জুলহাস ও তার প্রেমিকা ডলি আক্তার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন মিয়া জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও দুই মাস কারাভোগ করতে হবে।
দণ্ডিত ডলি আগেই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। বিচারক তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
তবে রায় ঘোষণার আগে জুলহাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২০ ডিসেম্বর সামরিনা সুলতানা রুনাকে (৪০) কাফরুল থানার দক্ষিণ ইব্রাহিমপুরের বাসায় খুন করা হয়। এ ঘটনায় পরদিন তার বড় বোন রোজিনা সুলতানা অজ্ঞাতনামা দুজনকে আসামি করে কাফরুল থানায় মামলা করেন। মামলার পর জুলহাস ও ডলিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৪ নভেম্বর জুলহাস ও ডলিকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন পল্লবী জোনাল টিমের এসআই মফিদুল ইসলাম আকন্দ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডলির ভাই জাকিরের (১৫) বিরুদ্ধে শিশু আদালতে দোষীপত্র দাখিল করা হয়।
