২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯৯ এ ফোন: ধাওয়া করে বাইক উদ্ধার করল পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে মোটরসাইকেল খোয়া যাওয়ার কথা জানান এক ব্যক্তি; জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় সহজেই বাইকটির অবস্থান শনাক্তের পর তা উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 09:38 PM

Updated : 28 Apr 2022, 11:50 PM

দুই কিলোমিটার ধাওয়া করে রোববার গাজীপুর থেকে চুরি হওয়া বাইকটি উদ্ধারের পাশাপাশি চোরকেও গ্রেপ্তারের কথা জানিয়েছেন ৯৯৯ সেবায় কর্মরত পুলিশ পরিদর্শক জিয়াউল করিম।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যাক্তি ৯৯৯ ফোন করে জানান, সকালে গাজীপুর চৌরাস্তা থেকে তার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। সেটিতে জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় মালিকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে হাইওয়ে পুলিশকে সংযোগ করা হয়।

“কিছুক্ষণের মধ্যে টাঙ্গাইলের গড়াই হাইওয়ে থানা পুলিশের একটি দল গাজীপুরের কালিয়াকৈর থানার বোর্ডঘর এলাকায় মোটরসাইকেলটি একজন চালিয়ে যাচ্ছে দেখতে পায়।পরে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে মোটরসাইকেলটি আটক এবং চালক গোপাল মালাকার (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।”

গোপালকে জিজ্ঞাসাবাদ করে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন একটি গ্যারেজ থেকে আরেকটি চোরাই বাইক উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সুধীর চন্দ্র দাশ (৫৬) ও আনিসুর রহমান (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ৯৯৯ এর কর্মকর্তা জিয়াউল করিম।