এইচএসসির ফল পুনঃনিরীক্ষায় ঢাকা বোর্ডে পাস বাড়ল ৩১ জন
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে নতুন করে ৩১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পুনঃনিরীক্ষায় এ বোর্ডে এবার ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
ঢাকা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষার ফল রোববার শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
তাতে দেখা যায় আবেদনকারীদের মধ্যে ৩৮ জন নির্র্দিষ্ট বিষয়ে পাস করেছে। আর পুনঃনিরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন।
বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতে ফেল করা এক শিক্ষার্থী পুনঃনিরীক্ষার ফলে ‘বি’ গ্রেড পেয়ে জিপিএ-৫ পেয়েছেন।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার জানান, এবার ঢাকা বোর্ডে ২০ হাজারের বেশি শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিল।
“কেউ এক বিষয়ে, আবার কেউ কেউ একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষার আবেদন করে। তাদের ফলাফল আজ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।”
২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীরা গত ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পেয়েছেন।
এগারোটি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে এবার পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ; তাদের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
মহামারী পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্ব্যচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা হয়।
পরীক্ষা না নেওয়ায় বাংলা, ইংরেজি ও আইসিটিসহ অবশিষ্ট বিষয়গুলোর নম্বর দেওয়া হবে জেএসসি বা সমমানের পরীক্ষার ২৫ শতাংশ ও এসএসসি বা সমমান পরীক্ষার ৭৫ শতাংশের মধ্যে পাওয়া নম্বরের ভিত্তিতে।
