রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর এলিফ্যান্ট রোড ও খিলগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে এলিফ্যান্ট রোডের স্টার কাবাব রেস্তোরাঁর সামনের রাস্তায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়।
তার আগে সন্ধ্যায় খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় মারা যান রাজু নামের ২০ বছর বয়সী এক যুবক, যিনি নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
নিউ মার্কেট থানার এসআই মো. রায়হান জানান, রাত ৩টার দিকে এলিফ্যান্ট রোডে স্টার কাবাবের সামনে একটি অটোরিকশার সঙ্গে ছামিরুলের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত ছামিরুলকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছামিরুল কারীর বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। তিনি পরিবার নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
এসআই রায়হান বলেন, দুর্ঘটনার পর অটোরিকশার চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
অন্য দুর্ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা ৭টার দিকে। রাজু খিলগাঁও গ্রীন বনশ্রী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক ও পুর্নবাসন কেন্দ্র (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রাজু মারা যান বলে জানান এসআই শিহাব।
তিনি বলেন, দুর্ঘটনার পর তেলের লরিটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।
