ফ্লাইট বাতিল, হাদিসুরের লাশের জন্য অপেক্ষা বাড়ল
বিরূপ আবহাওয়ায় ফ্লাইট বাতিল হওয়ায় বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রোববার দেশে আসছে না।
সোমবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে হাদিসুরের কফিন ঢাকায় পৌঁছাবে বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের ক্যাপ্টেন আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ইউক্রেইনে যুদ্ধের মধ্যে রকেট হামলায় নিহত হাদিসুরের সঙ্গে থাকা ওই জাহাজের সহকর্মীরা অনেক পথ পেরিয়ে গত বুধবার ঢাকায় আসেন। জাহাজ থেকে নেমে নিরাপদ আশ্রয়ের বাংকার পর্যন্ত মরদেহ নিয়ে এসেছিলেন তারা। তবে যুদ্ধের ময়দান থেকে আর তা তাদের সঙ্গে আনতে পারেননি। হাদিসুরের মরদেহ রাখা হয়েছিল বাংকারের ফ্রিজারে।
বুধবার রকেট হামলায় মৃত্যু হয় বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানটি ইস্তাম্বুল পৌঁছেছে। কিন্তু সেখানে ভারী তুষারপাতের কারণে আজকের যাত্রা বাতিল করা হয়েছে। শুধু এ বিমানটি নয়, খারাপ আবহাওয়ার কারণে ইস্তাম্বুল থেকে শখানেক বিমানের যাত্রা বাতিল হয়েছে। আগামীকাল আবহাওয়া ঠিক থাকলে বিমানটি রওনা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে সোমবার ১২টা ১৫ মিনিটে বিমানটি ঢাকা পৌঁছাতে পারে।”
হাদিসুরের চাচাতো ভাই সোহাগ হাওলাদার রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে তাদের জানানো হয়েছে যে হাদিসুরের মরদেহ রোববার ঢাকায় আসছে না। আবহাওয়ার কারণে ফ্লাইট শিডিউলে এ রদবদল হয়েছে বলে তাদের জানানো হয়েছে।
ইউক্রেইনের ওলভিয়া বন্দরে আটকে থাকা অবস্থায় ২ মার্চ রকেট হামলার শিকার হয় বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। তাতে নিহত হন ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর।
আতঙ্ক ও ক্ষোভের মধ্যে পরদিন ৩ মার্চ জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে নাবিকদের বাংলার সমৃদ্ধি থেকে নামিয়ে আনা হয়। তিন দিন পর মলদোভা হয়ে ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছান। সেখান থেকে বুধবার দেশে ফেরেন।
পুরনো খবর
