ঘরে যে কাজ নারী করে, অর্থ যোগ হলেই পুরুষের- এসব সমাজের তৈরি: শিক্ষামন্ত্রী
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সমাজের তৈরি করে রাখা বাধাগুলো ভাঙতে নারীকে সাহস যোগাতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাকরিতে অনেক জায়গায় দেখছি নারী। ৭২-এর সংবিধানে নারীর সমানাধিকারের কথা বলা হয়েছে। কিন্তু আজ যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন, সেখানেও ক্ষমতায়নে নারীর অবস্থান তৈরি হয়নি।
“এটি সত্যি, আমাদের প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, স্পিকার, বিরোধীদলীয় নেতা নারী। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অবস্থান এখনও কম। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।”
নারীর প্রতি বিশ্বজুড়ে বিরাজমান সহিংসতা ও বৈষম্যের প্রসঙ্গ ধরে মন্ত্রী বলেন, “রান্না-ধোয়ামোছার মতো গৃহস্থালী কাজ ‘নারীর কাজ’ হিসেবে বিবেচিত হলেও যখনই এর সঙ্গে অর্থপ্রাপ্তি যোগ হয়, তখন পুরুষ। যেমন- দর্জি পুরুষ, বাবুর্চি পুরুষ এবং ক্লিনারও পুরুষ। যে কাজ অর্থ সংশ্লিষ্টতা ছাড়া করা হয়, সেটি নারীর কাজ। আর অর্থ যোগ হলেই তা পুরুষের। এটি সমাজের তৈরি করা।”
সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় রীতিনীতিতে একজন নারীকে অনেক বেশি ‘না’ শিখতে হয় বলে মন্তব্য করেন দীপু মনি।
“এই ‘না’-এর দেয়াল ভাঙতে নারীকে সাহস যোগাতে হবে। নারীকে তার অন্তর্নিহিত শক্তিটাকে উপলব্ধি করতে হবে। সেই শক্তি দিয়ে নারীকে সব জয় করতে হবে।”
‘টেকসই উন্নয়নে জেন্ডার সমতা: পিকেএসএফ ও এসডিজি-৫’ শীর্ষক সেমিনারে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, “পিকেএসএফ-এর সকল কার্যক্রমে নারীকে প্রাধান্য দেওয়া হয়। এক সময় মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে নারীরা নামে মাত্র সদস্য থাকতেন। অর্থ সহায়তা পেয়ে, তার পুরোটাই তাদের স্বামী বা বাবার হাতে তুলে দিতেন। সেই অবস্থার পরিবর্তন ঘটেছে।
“এখন প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা ব্যবহারের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছেন, টেকসই উন্নয়নের অভিষ্ট (এসডিজি) অর্জনের জন্য যা অপরিহার্য।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার।
অন্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য নিয়াজ আহমেদ খান, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাহবুবা নাসরীন অনুষ্ঠানে বক্তব্য দেন।
