রোমানিয়া থেকে রাতেই দেশের পথে রওনা হতে পারেন নাবিকরা
ইউক্রেইনে যুদ্ধের গোলায় ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ও প্রকৌশলী মঙ্গলবার রাতেই দেশের পথে রওনা হতে পারেন বলে জানিয়েছেন রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২৮ জনকেই একসাথে দেশে ফেরাতে চেষ্টা করছি আমরা। তবে এখনো বিমানের টিকেট হাতে পাইনি।
”একসাথে এত টিকেট যোগাড় করা বর্তমান পরিস্থিতিতে একটু কঠিন। তবে আজই যেন তারা রওনা হতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।"
জাহাজ থেকে উদ্ধার পাওয়ার তিন দিন পর মালদোভা সীমান্ত পার হয়ে রোববার দুপুরে রোমানিয়ায় পৌঁছান বাংলার সমৃদ্ধির নাবিক ও প্রকৌশলীরা। দূতাবাসের ব্যবস্থাপনায় বুখারেস্টে একটি হোটেলে আছেন তারা।
টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের টিকেট বুকিং দেওয়ার কথা জানিয়ে রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, “আমরা টিকেট বুকিং দিয়েছি। টিকেট কনফার্ম হলে সবকিছু চূড়ান্ত হবে।”
বিএসসির মহাব্যবস্থাপক (চার্টার) ক্যাপ্টেন মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব ঠিক থাকলে নাবিকরা বুখারেস্ট থেকে রাত ১০টা রওনা হতে পারেন। সেক্ষেত্রে তারা ঢাকায় পৌঁছবেন বুধবার দুপুর ১টায়।”
বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ২২ ফেব্রুয়ারি ইউক্রেইনে পৌঁছায়। সেখান থেকে পণ্য নিয়ে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিল।
এর আগেই রাশিয়ার আগ্রাসন শুরু হলে যুদ্ধ বেঁধে যায়। পণ্য নেওয়ার পরিকল্পনা বাতিল করে তখন ‘চ্যানেল ক্লিয়ার’ হওয়ার অপেক্ষায় ছিল জাহাজটি।
ওই অবস্থায় গত ২ মার্চ জাহাজে রকেট হামলায় মারা যান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। জাহাজের ব্রিজও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরদিন বিকালে জাহাজ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং বাকি ২৮ জনকে সরিয়ে নেওয়া হয় সেখান থেকে।
