২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক নিয়ন্ত্রণে পারিবারিক বন্ধন মজবুতে জোর

মাদক নিয়ন্ত্রণে পারিবারিক বন্ধন মজবুত করার উপর জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 01:12 AM

Updated : 28 Apr 2022, 11:48 PM

সোমবার ঢাকার শ্যামলীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে নারী গণমাধ্যমকর্মীদের নিয়ে এই সংবাদ সম্মেলন হয়।

'এমপাওয়ারিং ওমেন ইন রিকভারি' এই স্লোগানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসা গ্রহণ করা নারীদের গত এক বছরের তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে ছিলেন নাগরিক টিভির প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক শাহানাজ শারমিন এবং বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত।

মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের জ্যেষ্ঠ সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।

সংবাদ সম্মেলনে রাখী গাঙ্গুলী আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে আসাদের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২১ সালে মোট ৭৬ জন মাদকনির্ভরশীল ও ৪৫ জন শুধু মানসিক চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। মাদক গ্রহণকারীরা কৌতূহলে বশে, অসৎসঙ্গের প্রভাবে, একাকিত্বের কারণে বিষন্নতা, হতাশাগ্রস্থতা থেকে মাদক নিয়েছিল।

শাহানাজ শারমিন বলেন, “মাদক নিয়ন্ত্রণে পরিবার হলো প্রথম শিক্ষাঙ্গন। বাবা-মা যদি তাদের সন্তানদেরকে গাইড করেন, তবে তাদের সন্তান মাদকাসক্ত হতে পারে না।”

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, পৃথিবীব্যাপী নারী ও শিশুদের বিশেষ যত্ন দিয়ে চিকিৎসার ব্যবস্থা আছে। সে বিষয়টি মাথায় রেখে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে মাদকাসক্ত নারীদের জন্য পুর্ণাঙ্গ এই সেন্টারটি পরিচালনা করছে।