মালিবাগে দোকানে আগুন: দগ্ধ আরেকজনের মৃত্যু
ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ায় ভাঙারির দোকানে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পাঁচ দিন আগের ওই ঘটনায় এ নিয়ে দুই জনের মৃত্যু হল।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে মারা যান ৫০ বছর বয়সী নাদের আলী।
তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
এর আগে রোববার দুপুরে মারা যান হেলাল উদ্দিন শেখ (৫০)। আগুনে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ওই ঘটনায় দগ্ধ নুর নবী (৫১), ইউসুফ আলী (৪৯) ও সিদ্দিকুর (৫০) হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ, নূর নবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে বাচ্চু মিয়া জানিয়েছেন।
বুধবার রাতে চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারি দোকানে আগুনে দগ্ধ হন ওই পাঁচজন। গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সেখানে আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিসের ধারণা।
