২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেবউননেছার ‘সোনালী বাংলাদেশের প্রত্যাশায়' বইয়ের মোড়ক উন্মোচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছার ‘সোনালী বাংলাদেশের প্রত্যাশায়' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 07:55 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

‘সোনালী বাংলাদেশের প্রত্যাশায়' বইটি ১০০টি প্রবন্ধের একটি সংকলন, যা সাজানো হয়েছে সমাজ, রাষ্ট্র, বঙ্গবন্ধু এবং লেখকের জীবনের নানা অভিজ্ঞতা দিয়ে।

অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত এ বইয়ে ১৯৯০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।

ষাটের দশকের কবি ও নাট্যকার জালাল উদ্দিন নলুয়ার কন্যা ড. জেবউননেছার রচিত গ্রন্থের সংখ্যা ১৪টি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ বলেন, “ড. জেবউননেছা এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, যার বাবা-মা দুজনই কবি ও সাহিত্যিক।

“মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা ও সমাজ নিয়ে তিনি চিন্তা করেন। এ গ্রন্থে তিনি সমাজের অসুস্থ ভাবনাগুলো লিখেছেন এবং তা থেকে পরিত্রাণের ধারণাও দিয়েছেন।”

নিজের লেখা এই বই নিয়ে জেবউননেছা বলেন, “সোনালী বাংলাদেশের প্রত্যাশায় গ্রন্থটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি এজন্য যে, ভবিষ্যৎ প্রজন্ম যদি বাংলাদেশ নিয়ে গবেষণা করতে ইচ্ছে পোষণ করে তাহলে আমার বিশ্বাস গবেষক গ্রন্থটি থেকে উপকৃত হবেন।”

নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী জেবউননেছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও পরে মাস্টার্স শেষ করেন। পরে একই বিভাগ থেকে এমফিল শেষ করেন।

তিনি ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস হতে স্কুল অব বিজনেস ইনোভেশন অ্যান্ড টেকনোপ্রোনারশিপে পোষ্ট ডক্টরাল গবেষণা করেছেন।

তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ এবং বাংলাপিডিয়ার একজন নিবন্ধক। রাজধানী ঢাকার ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ’ তার গবেষণা অনুসন্ধান থেকে নির্মিত হয়েছে।