হিজাব-টুপি কি ইউনিফর্ম হতে পারে?
যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে সব ধর্মের শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ‘হিজাব’ পরতে হয়। ভর্তির সময়ই নারী শিক্ষার্থীদের এ বিষয়ে লিখিত সম্মতি দিতে হয়।
এই মেডিকেল কলেজের মতো দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের হিজাব, ছেলেদের টুপি পরা বাধ্যতামূলক।
সম্প্রতি ভারতের কর্ণাটকের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পর এক ছাত্রী প্রতিবাদ করলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এরপর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে টুপি, হিজাব পরার বিষয়টিও সামনে আসছে।
এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ দাবি করছে, এসব পোশাক ‘ইউনিফর্মের অংশ’। তবে সমাজবিজ্ঞানীরা বাংলাদেশের সংস্কৃতিতে টুপি, হিজাবের মতো পোশাককে ধর্মীয় প্রতীক হিসেবেই দেখছেন।
কোথাও ওড়না, কোথাও টুপি
আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত যশোরের পুলের হাটের আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজের কয়েকজন নারী শিক্ষার্থী জানান, মুসলিম-অমুসলিক সবাইকে মাথায় হিজাব পরেই ক্লাসে যেতে হয়।
তাদের ভাষ্য, ‘ড্রেস কোড’ মেনে চলতে ভর্তির সময় স্বাক্ষর করে নেওয়া হয়েছিল। এ কারণে যারা হিজাব পরতে চান না, তাদের তা এড়ানোর সুযোগ থাকে না।
প্রতিষ্ঠানটির নোটিস বোর্ডে সচিত্র পোশাকবিধি রয়েছে, তাতে কালো মোজাকেও ড্রেস কোডের অংশ করা হয়েছে।
সেখানে ‘ড্রেস কোড’ উল্লেখ করে পঞ্চম বর্ষ পর্যন্ত ছাত্রীদের বিভিন্ন রঙের পোশাক পরা ছবি দেওয়া আছে, যা মেনে চলতে বলা হয়েছে।
প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন রঙের সালোয়ার-কামিজের সঙ্গে মিলিয়ে মাথায় কাপড় পরা রয়েছে, যা দেখতে হিজাবের মতো।
তবে অধ্যক্ষ কামাল উদ্দিন আহমেদের দাবি, এটি হিজাব নয়, ওড়না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড্রেস কোডে আছে সালোয়ার, কামিজ ও ওড়না ব্যবহার করতে হবে; সেগুলো প্রতি বর্ষে ভিন্ন ভিন্ন রঙের হবে। যাতে সহজে বোঝা যায় কোন ছাত্রী কোন বর্ষের।
“ওড়না সব সময় মাথায় দিয়ে রাখতে হবে এমন বাধ্যবাধকতা নেই। এমন কোনো নিয়ম নেই। কেউ গলায় পরে, কেউ মাথায় পরে।”
এই মেডিকেল কলেজের ৩৩০ জন শিক্ষার্থীর ৫৮ জন মুসলিম নন। বিদেশি শিক্ষার্থী ৮৭ জন, যাদের অধিকাংশই ভারতের বিভিন্ন প্রদেশের। কয়েকজন রয়েছেন নেপালের।
আদ-দ্বীন ফাউন্ডেশনের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও হিজাব পরার বাধ্যবাধকতা আছে।
একই চিত্র ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজে, যে প্রতিষ্ঠানেও হিজাব পরে ঢুকতে হয় ছাত্রীদের।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মহিবুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো দেখি অনেকেই পরে। আমি এক্স্যাক্টলি খেয়াল করি নাই। মেয়েরা নিজেরাই পরে।”
ঢাকার মতিজিল আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের টুপি পরতে হয়।
রাজধানীর ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে ছাত্রদের টুপি ও ছাত্রীদের হিজাব পরতে হয়। প্রতিষ্ঠানটির বনশ্রী শাখার একজন ছাত্রী জানান, টুপি ও হিজাব ছাড়া ক্লাসে ঢুকতে দেওয়া হয় না।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখায় ছাত্রদের টুপি ও ছাত্রীদের ওড়নায় মাথা ঢেকে ক্লাসে যেতে হয়।
ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, টুপি বা ওড়না ছাড়া ক্লাসে গেলে শিক্ষকদের ‘বকাঝকা শুনতে হয়’।
তবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আবু হেনা মোরশেদ জামানের দাবি, টুপি ও ওড়নার বিধান থাকলেও ২০২০ সাল থেকে সেগুলোকে ঐচ্ছিক করা হয়েছে।
শিক্ষার্থীদের এজন্য ‘বকাঝকা বা জোর করা উচিৎ নয়’ মন্তব্য করে সরকারের এই সচিব বলেন, “এটাও সত্যি মতিঝিল আইডিয়াল স্কুলে কিছু শিক্ষক রয়েছেন, যারা বেশি রিলিজিয়াস মাইন্ডের। তারা হয়ত মনে করেন, তারা এটা করবেন। এর সাথে স্কুলের নিয়মের কোনো সংযোগ নেই।”
ধর্মীয় যোগ
টুপি, হিজাবের মতো পোশাককে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ‘ড্রেস কোডে’ আনলেও এর সঙ্গে ধর্মের যোগসূত্র রয়েছে বলে জানাচ্ছেন গবেষক-বিশ্লেষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ম পোশাকের ব্যাপারে একটা ‘আইডিনটিটি’ তৈরি করেছে। পর্দার ভিত্তিতেই মানুষ হিজাবের মতো পোশাক পরছে। সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়েই এ পোশাকগুলো এসে গেছে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই এ ধরনের ‘ইউনিফর্ম’ করা হয় মন্তব্য করে তিনি বলেন, “কোন কোন স্কুলে বলে দেওয়া হচ্ছে হিজাব বা টুপি ছাড়া সেই স্কুলের শিক্ষার্থী হতে পারবে না। অন্য ধর্মাবলম্বী মেয়েদেরও মাথায় কাপড় দিয়ে আসতে হচ্ছে, কেননা সেটা ইউনিফর্ম করে দেওয়া হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক বলেন, “টুপি বা হিজাব মানেই আমরা বুঝে নিই সে মুসলিম। এটা ধর্মকে উপস্থাপন করে, সাথে সাথে সংস্কৃতিকেও।”
শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষগুলো ‘ক্ষমতা’ ব্যবহার করে ধর্মীয় পোশাক পরাতে বাধ্য করছে বলে মন্তব্য করেন তিনি।
এর বাইরে মেয়েদের হিজাব পরার বিষয়টির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তানিয়া বলেন, কী কী কারণে হিজাব পরা বাড়ছে, তা নিয়ে গবেষণা প্রয়োজন।
নালন্দা বিদ্যালয়ের ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের পোশাকে কোনো ভিন্নতা নেই।
বিপরীত চিত্র
শিক্ষার্থীদের মধ্যে সমতা আনতে যে ‘ড্রেস কোড’, তাতে ধর্মীয় পোশাক যুক্ত হতে পারে কি না, সে প্রশ্ন রয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব-টুপি পরার বিপরীতে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যেখানে ছেলে-মেয়েদের পোশাকেও ভিন্নতা রাখা হয়নি।
এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার নালন্দা উচ্চ বিদ্যালয়, যেখানে ছেলে-মেয়েরা একই ধরনের পোশাকে ক্লাসে অংশ নেয়।
প্রতিষ্ঠানটি বলছে, শিশুদের মধ্যে যাতে বৈষম্য না আসে সেজন্যই এ উদ্যোগ।
নালন্দার প্রধান শিক্ষক সুমনা বিশ্বাস মনে করেন, ইউনিফর্ম এমন হওয়া উচিত, যাতে ধর্মসহ অন্যান্য বিভেদ কাটিয়ে সবাইকে একই রকম মনে হয়।
“ব্যক্তিগত জীবনে প্রত্যেকের পোশাক, ধর্মাচরণ, রাজনৈতিক বিশ্বাসে নিজ নিজ ধরন থাকবে। কিন্তু যখন দলের কাজে আসবে, তখন সকলে একই ধরনের হলে সেখানে সমতা থাকে। ভিন্নতাগুলো কমে।”
আদালতের রায়, বাস্তবায়ন নেই
বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে কোনো ব্যক্তিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না বলে উচ্চ আদালতের রায় আছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়েরও নির্দেশনা রয়েছে।
তবে বাস্তবে এর কার্যকর প্রতিফলন দেখা যায়নি।
২০১০ সালে নাটোরের রানী ভবানী মহিলা কলেজে বোরকা পড়া বাধ্যতামূলক করার প্রতিবেদন গণমাধ্যমে আসার পর বিষয়টি উচ্চ আদালতে যায়।
ওই বছরের অক্টোবরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ রায়ে জানায়, সেকুলার রাষ্ট্র হিসেবে বাংলাদেশে সবার ধর্মীয় স্বাধীনতা আছে। সে কারণে কাউকে ধর্মীয় পোশাকের ক্ষেত্রে জোর করা যাবে না।
রায়ে বোরকা, টুপি, ধুতির মতো ধর্মীয় পোশাককে বাধ্যতামূলক না করতে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছিল।
এর আগেই ২০১০ সালের ২৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। বোরকা না পরার কারণে কোনো ছাত্রীকে নির্যাতন, হয়রানি করা ও শাস্তি দেওয়া যাবে না।
বোরকা বা ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা এবং ছাত্রীদের খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কাজকর্মে বাধা দেওয়াকে অসদাচরণ হিসেবে গণ্য করা হবে বলেও জানানো হয়।
পরিপত্রে বলা হয়, নির্দেশনা ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও শিক্ষাবোর্ড তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।
হিজাব পরার সম্মতি দিয়েই আদ-দ্বীন মেডিকেল কলেজে ভর্তি হতে হয় নারী শিক্ষার্থীদের।
এখন হিজাব পরানো নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মনে করেন, ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা আদালতের রায়ের সাথে সাংঘর্ষিক হচ্ছে। সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বা ভুক্তভোগীরা আদালত অবমাননার মামলা করতে পারেন।
“যেহেতু আদালতের আদেশ রয়েছে, সেটা মানতে সবাই বাধ্য। সুতরাং যারা এটা ভঙ্গ করছে, তাদের সবাইকে জেলখানায় ঢোকানো উচিৎ। কেননা তারা তো শাস্তিযোগ্য অপরাধ করছে।”
অবসরপ্রাপ্ত এই বিচারক বলেন, “সব স্কুলে যেন আদেশটা মানা হয় সেই দায়িত্বটা ছিল শিক্ষা সচিবের ওপর। তিনি যদি এ বিষয়গুলোতে ব্যবস্থা না নেন, তাহলে তারও সাজা হবে। কারও উচিৎ শিক্ষা সচিবকে চিঠি লেখা, উনি যে এসব ব্যাপারে ইনফোর্স করছেন না এবং তিনিও আদালত অবমাননা করছেন।”
অধ্যাপক সাদেকা হালিমও মনে করেন, রাষ্ট্রের এ বিষয়ে হস্তক্ষেপ প্রয়োজন।
“রাষ্ট্রকেই ঠিক করে দিতে হবে আমরা প্রতিটি স্কুলে মাথায় স্কার্ফ দিতে বলব কি না? অনেকেই নিজ ইচ্ছায় হিজাব পরে, সেটা তার ইচ্ছা। কিন্তু কাউকে জোর করা যাবে না।”
অধ্যাপক তানিয়া হকও মনে করেন, হিজাব বা টুপির মতো ব্যক্তিগত বিষয়ে স্বাধীনতা থাকা উচিৎ।
“শিক্ষা প্রতিষ্ঠান এগুলোকে ইউনিফর্ম করতে পারে না। এ বিষয়গুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের হাত দেওয়া উচিৎ। আমরা আমাদের সন্তানদের শিক্ষা লাভের জন্য স্কুলে পাঠাই। সেখানে স্কুল কর্তৃপক্ষ যদি কিছু চাপিয়ে দেয়, সেক্ষেত্রে রাষ্ট্রেরও দায়িত্ব নিতে হবে।”
এ বিষয়ে কথা বলতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীককে একাধিকবার ফোন করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি শিকদার খালিদ]
