২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে পোশাক শ্রমিক হত্যায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে দশ দিন আগে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় দুই কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 11:03 AM

Updated : 02 Aug 2022, 03:03 PM

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন জানান, বুধবার রাতে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি পল্লবী এলাকায় রায়হান ওরফে রাজ নামের ২৬ বছর বয়সী এক পোশাক শ্রমিককে ছুরি মেরে হত্যা করা হয়। পরদিন রায়হানের বাবা রাজু মিয়া পল্লবী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

তবে কে বা কারা রায়হানকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা বোঝা যাচ্ছিল না। স্থানীয় বাসিন্দারাও কোনো তথ্য দিতে পারছিলেন না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পরে ওই এলাকার রাস্তায় থাকা সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রায়হানের ‘মোবাইল ছিনিয়ে নিতেই’ তাকে ছুরি মারা হয়েছিল।

মাহাতাব উদ্দিন বলেন, রায়হানের বাসা পল্লবীর পলাশনগর এলাকায়, ওই দুই কিশোরের বাসাও একই এলাকায়। তাদের একজন স্থানীয় বখাটে হিসেবে পরিচিত এবং মাদকাসক্ত। 

“রায়হানের মোবাইল নেওয়ার জন্যই ছুরিকাঘাত করে সে। আসামিদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে আমরা যাচাই-বাছাই করছি। যদি কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।"