২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দয়াগঞ্জে রিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু

পুরান ঢাকার দয়াগঞ্জে এক রিকশার ধাক্কায় আরেক রিকশা থেকে পড়ে এক শিশু মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 01:41 AM

Updated : 28 Apr 2022, 11:46 PM

বুধবার রাত ৮টায় দয়াগঞ্জ চৌরাস্তা মোড়ের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

অভিমন্যু দাস নামের ৫ বছরের শিশুকে দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।

শিশুটির চাচা গোপাল দাসের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির মা চিকিৎসক দেখাতে গিয়েছিলেন দয়াগঞ্জ ল্যাব এইডে। তার সঙ্গে সন্তানও ছিল।

চিকিৎসক দেখিয়ে শিশুটির মা সোমা দাস ও চাচা গোপাল দাস ব্যাটারিচালিত রিকশায় ধোলাইপাড়ে বাসায় ফিরছিলেন। দয়াগঞ্জ চৌরাস্তা মোড়ের কাছে আরেকটি ব্যাটারিচালিত রিকশা পেছন থেকে তাদের রিকশাটিকে ধাক্কা দিলে চাচার কোল থেকে নিচে পড়ে যায় অভিমন্যু। তখন রিকশার চাকা তার পেটের উপর দিয়ে চলে যায়।

রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিমন্যুকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অভিমন্যু পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বীরপাশা গ্রামের সাইনবোর্ড ব্যবসায়ী বিনয় দাসের ছেলে। ধোলাইপাড় দীপ্তি গলি এলাকায় থাতে তার পরিবার। এক ভাই এক বোনের মধ্যে অভিমন্যু ছিল ছোট।