২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেয়র কাপের দ্বিতীয় আসর ৫ মার্চ থেকে

মাদক, মোবাইল আর টিভির সামনে থেকে তরুণ প্রজন্মকে খেলার মাঠে আনতে বসছে ঢাকা মেয়র কাপের দ্বিতীয় আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 07:52 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বুধবার নগর ভবনে এ কাপ নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, “খেলাধুলা শুধু চিত্তবিনোদনের মাধ্যমই নয়, বরং তা নেতৃত্ব-শৃঙ্খলা-ধৈর্য-একতা-নৈতিকতা সমুন্নত রাখারও অন্যতম উপায়। শুধু তাই নয়, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার অদ্বিতীয় হাতিয়ারও খেলাধুলা।

“তরুণ প্রজন্মকে ক্ষতিকর মাদকের হাতছানি, মোবাইল আর টিভির সামনে থেকে খেলার মাঠে আনতেই আমরা ধারাবাহিকতার অংশ হিসেবে ঢাকা মেয়র কাপের দ্বিতীয় আসর শুরু করছি।”

ডিএসসিসির মাঠ উন্মুক্ত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “আমাদের সিটি করপোরেশনের কিছু মাঠ দখলে আছে, কিছু মাঠে ঘাস নষ্ট হওয়ার কারণে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন থেকে এসব মাঠ জনগণের জন্য খুলে দেওয়া হবে, যাতে করে সবাই এখানে খেলাধুলা করতে পারে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন, “একসময় ঢাকার তরুণ-যুবকেরা শহরের মাঠে-ময়দানে, অলি-গলিতে খেলাধুলা করে এদেশের ফুটবল- ক্রিকেটকে নেতৃত্ব দিলেও বর্তমানে সেই চিত্র অনেকটাই বিবর্ণ। এর অন্যতম কারণ ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠ নেই।

“আমরা খেলাধুলায় ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমরা প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠায় আমরা উদ্যোগ গ্রহণ করেছি।”

আগামী ৫ মার্চ থেকে মেয়র কাপের দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে জানিয়ে তাপস বলেন, “গতবারের মতো এবারও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা ‘ফুটবল’ এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ‘ক্রিকেট’ নিয়েই আমরা এবারকার ক্রীড়া উৎসব আয়োজন করতে চলেছি। 

“এবারের আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় প্রথমবারের মতো ‘মেধা অন্বেষণ'র উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্রতি ম্যাচেই বাফুফে ও বিসিবি থেকে দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা সেখান থেকে মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করবেন এবং তাদেরকে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেবেন।”

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান জাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।