২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভে এসে আত্মহত্যার ঘোষণা, ৯৯৯ এ ফোনে উদ্ধার

ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন এক চার্টার্ড একাউন্টটেন্ট; ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 10:26 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার ভাটারা থানা এলাকার সাদেহ হোসেন সড়কে বসবাসরত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি পারিবারিক জটিলতার কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন বরে পুলিশ জানিয়েছে।

জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ কর্তব্যরত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ব্যক্তি ফোন করে জানান যে তার এক সহকর্মী ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে ভাটারা থানায় যোগাযোগ করিয়ে দেওয়া হয়।

খবর পেয়েই ওই বাসায় যায় ভাটারা থানার পুলিশ।

থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেই বাসায় গিয়ে দেখি এরই মধ্যে তার আরও কয়েকজন সহকর্মী বাসার নিচে চলে এসেছে। সকলকে সাথে নিয়ে আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তির ব্যক্তিগত গাড়ির চালকের কাছে থাকা বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকি। দেখি তিনি মুমূর্ষু অবস্থায় খালি গায়ে বিছানায় পড়ে আছেন।”

পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

ওই ব্যক্তির বিছানার পাশে ঘুমের ৩২টি ট্যাবলেটের খালি প্যাকেট পাওয়া গেছে জানিয়ে এসআই মিজান বলেন, “ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক জানান, একটু দেরি হলে ওই ব্যক্তি কোমায় চলে যেতেন। তখন ফেরানো কঠিন হয়ে যেত।”

আত্মহত্যার চেষ্টার কারণের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “ওই ব্যক্তির শাশুড়ি কিছুদিন আগে তার বাসায় এসে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যায়। শাশুড়ির আচরণে ক্ষোভ ও হতাশা থেকে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেন তিনি।”

  আত্মহত্যা ঠেকাতে ফেইসবুকের সঙ্গে কাজ করতে চায় সিআইডি