২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি: চাকরি হারালেন ডিএসসিসির প্রকৌশলী

আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চাকরি হারিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী আ হ ম আবদুল্লা হারুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 09:18 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই প্রকৌশলীকে সোমবার চাকরিচ্যুত করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, আবদুল্লা হারুন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছিলেন। অনুমোদিত নকশা অনুযায়ী কাজ শেষ না করে ঠিকাদারকে অতিরিক্ত বিল দিয়েছেন। এতে করপোরেশনের আর্থিক ক্ষতি হয়েছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ডিপোজিট ওয়ার্কের আওতায় কমলাপুর টিটিপাড়া থেকে কদমতলী পর্যন্ত ছয় কিলোমিটার রেললাইনের দুই পাশে জমানো বর্জ্য, মাটি ও রাবিশ অপসারণ এবং ডাম্পিং করার কাজেও ২৮ কোটি টাকার দরপত্র আহ্বান করেছিল বর্জ্য বিভাগ।

এ কাজেও হারুন অনিয়মের আশ্রয় নেন বলে ডিএসসিসির অভিযোগ।

মাটি ও রাবিশ সরানো বাবদ ওই দরপত্রে ১১ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ডিএসসিসি বলছে, মাটি ও রাবিশ বিক্রয়যোগ্য হওয়ায় এ ক্ষেত্রে সরকারের কোনো অর্থ ব্যয় হওয়ার কথা নয়।

ডিএসসিসির দপ্তার আদেশে বলা হয়েছে, হারুন বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং করপোরেশন ও জনস্বার্থবিরোধী কাজে জড়িত ছিলেন। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

“এ জন্য তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারি চাকরি বিধিমালা ২০১৯–এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশনের স্বার্থ রক্ষায় চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি কেবল বিধি মোতাবেক ৯০ দিনের বেতন পাবেন।”