২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনুদানের বিল পাসের ক্ষমতা এসপিদের হাতে চান আইজিপি

কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ সদস্য মারা গেলে, তার পরিবারকে দেওয়া সরকারি অনুদানের বিল পাসের ক্ষমতা জেলা প্রশাসকের পরিবর্তে পুলিশ সুপারকে দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 07:49 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বিষয়টিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।

আইজিপি বেনজীর বলেন, “আমাদের কোনো জুনিয়র সহকর্মী যখন আকস্মিকভাবে মারা যায়, তখন সেই পরিবারটা অথৈ সমুদ্রে নিক্ষিপ্ত হয়।”

তিনি জানান, এক সময় কোনো পুলিশ সদস্য মারা গেলে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হত। পরে অন্যান্য সরকারি কর্মচারীদের সঙ্গে মিল রেখে ২০২০ সালে পুলিশ সদস্যদের অনুদানও ৮ লাখ টাকা করা হয়।

এরপরই বিভ্রাট দেখা দেয় জানিয়ে বেনজীর বলেন, ২০১৯ সালে ১৯১ জন পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মারা গেলে এসপিদের অনুদানের বিল পাস করে দিলে ১৯১ জনের পরিবারই অর্থ পেয়ে যান।

 “২০২০ সালে যখন অনুদানের অর্থ ৮ লাখ টাকা হল, কর্তৃত্ব গেল জেলা প্রশাসকের হাতে। ৩৭৭ জনের মধ্যে মাত্র ৭৯ জন টাকা পেয়েছেন। বাকিরা পাননি।”

জেলা প্রশাসকদের অনেক কাজের ব্যস্ততা থাকায় এই দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিলে মৃত পুলিশ সদস্যরা উপকৃত হবে, বলেন তিনি।

করোনাভাইরাস মহামারীর দুই বছরে ১০৬ জন পুলিশ সদস্য মারা গেছেন বলে জানান বেনজীর।

পুলিশ সদস্যদের কল্যাণে বাহিনীর পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

আইজিপি জানান, ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পুলিশদের সহায়তায় ৫২ কোটি টাকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শয্যা সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ১১৫০ এই উন্নীত করার কথা বলেন তিনি। আগামী বছর এই হাসপাতালে ক্যান্সার ইউনিট চালুর পরিকল্পনাও জানান তিনি।

অনুষ্ঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার পুলিশকে দায়িত্ব পালনে সক্রিয় থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া ১৩৭ পুলিশ সদস্যদের পরিবারের মধ্য থেকে সাতটি পরিবারকে স্বীকৃতি স্মারক দেওয়া হয়।

কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানানোর উদ্দেশে বাংলাদেশ পুলিশ ২০১৭ সাল থেকে ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করে আসছে।