২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালুম-টুকটুকি-ইকরিদের পেয়ে বইমেলায় মাতল শিশুরা

বিলম্বিত বইমেলায় শুক্রবার প্রথম দেখা মিলল হালুম, টুকটুকি, শিখু আর ইকরিদের; তাদের পেয়ে মন খারাপের দিন কাটিয়ে উল্লাসে মেতে উঠল বাসন্তী সাজে আসা শিশুরা। ওদের আনন্দে উচ্ছ্বসিত মেজাজে দেখা গেল বড়দেরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 06:54 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

মেলা শুরুর এক সপ্তাহে পরে চালু শিশুপ্রহরে শিশুরা মেলাপ্রাঙ্গণ রাঙিয়ে রাখল। আনন্দ-আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি স্টলে স্টলে ঘুরে বই ঘাঁটল; পছন্দের বই কিনতে বাবা-মায়ের কাছে বায়নাও ধরলো। আর বেচাকেনা ভালো হওয়ায় বিক্রেতাদেরও খোশমেজাজও চোখ এড়াল না।     

কোভিড মহামারী পরিস্থিতিতে এ বছর শুরুতে ‘শিশুপ্রহর’ রাখা না হলেও মেলার ১১তম দিন শুক্রবার তা চালু করা হয়।

এদিন সকাল ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে শিশুচত্বরে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র হালুম, টুকটুকি, শিখু ও ইকরিদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শিশুপ্রহর, চলে  দুপুর ১টা। এরপর সবার জন্য উন্মুক্ত করা হয় বইমেলা।

সিসিমপুরের সূচনা সংগীতে মেতে উঠে শিশুরা, প্রাণে প্রাণে ছড়িয়ে পড়ে সেই আনন্দধারা। তাদের কণ্ঠে বেজে ওঠে ‘এসো পাশে বসো, হেসে হেসে মজার দেশে ছুটে যাব, সেথায় তুমি ভাবতে পারো ইচ্ছে মতো, চাইতে পারো ইচ্ছে মতো ইচ্ছে যতো, চলছে গাড়ি, সিসিমপুরে…।’

শিশুদের সঙ্গে উৎসুক হয়ে উঠেন ‌অভিভাবকরাও। বাচ্চাদের কাঁধে নিয়ে ছবি তুলে শিশুপ্রহর মুখরিত রেখেছিলেন তারা।

সকালে শিশুপ্রহর উদ্বোধন করেন বইমেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ। তিনি বলেন, “ছুটির দিনে মেলার মূল আকর্ষণ শিশুপ্রহর। করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় শুরুতে আমরা এটি বন্ধ রেখেছিলাম। আজ থেকে শিশুপ্রহর চালু হলো। এখন থেকে ছুটির দিন শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তা চলবে।”

সিসিমপুর স্টলের ইনচার্জ নুর মো. আল রাজি বলেন, “আসলে শিশুদের জন্য আমরা প্রতিবছর এ আয়োজন করে থাকি। গতবার করোনাভাইরাসের কারণে করতে পারিনি। শঙ্কা কাটিয়ে এবার করতে পেরেছি, খুব ভালো লাগছে। ছোট ছোট শিশুদের হাসি-আনন্দ দেখে মনে হয় যেন স্বর্গের ফুল ফুটেছে।“

শিশুচত্বরে কথা হয় মতিঝিল মডেল স্কলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লাইসা ইসলামের সঙ্গে। সে জানায়, টেলিভিশনে প্রায় সে সিসিমপুর অনুষ্ঠানে হালুম, টুকটুকি, শিখু ও ইকরিদের দেখে থাকে।

“বইমেলায় তাদের সরাসরি দেখতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি খুবই খুশি।”

Image
একুশে বইমেলায় শুক্রবার শিশুপ্রহরে সিসিমপুরের চরিত্র হালুম, টুকটুকি, শিখু, ইকরিদের সঙ্গে আনন্দে মাতে ছোটরা। ছবি: মাহমুদ জামান অভি

একুশে বইমেলায় শুক্রবার শিশুপ্রহরে সিসিমপুরের চরিত্র হালুম, টুকটুকি, শিখু, ইকরিদের সঙ্গে আনন্দে মাতে ছোটরা। ছবি: মাহমুদ জামান অভি

সিসিমপুরের আয়োজন দেখে উচ্ছ্বসিত সাত বছর বয়সী মালিহা মাইশা। জিজ্ঞেস করতেই সে বলল, “টুকটুকি বই পড়তে পছন্দ করে। সে আমাকে বেশি বেশি বই পড়তে বলেছে। বই পড়লে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়।”

মহাখালী থেকে বড় ভাইয়ের সঙ্গে বইমেলায় এসেছে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইমরান হোসেন। সে বলল, মেলায় এসে অনেক মজা করেছি, বই কিনেছি। টুকটুকি, হালুম, ইকরিদের সঙ্গে  ছবি তুলেছি।

ছুটির দিনে দুই সন্তানকে নিয়ে ঢাকার মিরপুর থেকে মেলায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, “বইমেলা আসলে সকল বয়সের মানুষের; সবাই আসেন, সবার পছন্দ মতো বই কেনেন। তবে ছুটির দিন সকালটা ১৯৯৮ সালে বাংলা একাডেমির 'শিশু প্রহর' চালু করার পর থেকে এ সময়টা তাদের।

“যদিও গত বছর করোনাভাইরাসের কারণে ছিল না, এবারও প্রথম সপ্তাহে ছিল না। আজ থেকে শুরু হয়েছে, বাচ্চাদের নিয়ে এসেছি, তাদের আনন্দ দেখে নিজের শিশুকালের স্মৃতি মনে পড়ে, ভালো লাগছে।”

বইমেলায় শিশু প্রহর চালু হওয়ায় খুশি শিশুচত্বরের স্টলের মালিক ও বিক্রয়কর্মীরাও।

টুনটুনি প্রকাশনীর কর্মকর্তা এম তানভীর বলেন, “করোনাভাইরাসের কারণে শিশুপ্রহর চালু হয়নি প্রথম দিকে। তবে যেরকম আশা করছিলাম, তারচেয়েও বেশি সাড়া পেয়েছিলাম। প্রথম থেকেই শিশুদের আনাগোনা ভালো ছিল। আমাদের বেচাবিক্রিও ভালো হচ্ছিল। শুক্রবার থেকে শিশুপ্রহর চালু হওয়ায় বিক্রি আরও বেড়েছে।”

‘ইকরি মিকরি’ স্টলের কর্মকর্তা মো. বিপ্লব বলেন, “শিশুপ্রহর না থাকলেও শুরু থেকে শিশুদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আজকে শিশুপ্রহর যুক্ত হওয়ায় শিশুদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।”

আবেগের দিনে বইমেলায় জনস্রোত

ছুটির দিনের বইমেলা কচি-কাঁচায় মুখর