দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
দক্ষিণ সুদান সফর শেষে দেশে ফিরেছেনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি সেনা প্রধান সরকারি সফরে দক্ষিণ সুদান যান।
“দক্ষিণ সুদানে সফরকালে সে দেশে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহ পরিদর্শন ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী এঞ্জেলিনা টেনি, উপ প্রতিরক্ষা মন্ত্রী চৌল থৌন বালক্, উপ পররাষ্ট্র মন্ত্রী দেং দাউ দেং মালেক, চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।”
আইএসপিআর জানায়, সফরকালে তিনি রাজধানী জুবা’তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানী- ২১, বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স -৫, ওয়াউ-তে নিয়োজিত বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৫), বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ফোর্স মেরিটাইম ইউনিট-৭ পরিদর্শন করেন।
বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৫) নির্মিত বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ ক্লাব উদ্বোধন করেন তিনি।
সেনাপ্রধান ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টারস পরিদর্শনকালে ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার, ফোর্স চিফ অব স্টাফ এবং চিফ মিলিটারি অবজারভার সেনাবাহিনী প্রধানকে মিশন সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।
সফরকালে তিনি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২’ উপলক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি-২১’র মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
“সফরের শেষ দিনে সেনাবাহিনী প্রধান জামবো এলাকায় নিয়োজিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্ট এর একটি টেমপোরারি অপারেটিং বেজ (টিওবি) পরিদর্শন করেন। সেখানে কন্টিনজেন্ট এর ক্যাম্প এবং তাদের চলমান সড়ক মেরামত প্রকল্প ঘুরে দেখেন। এছাড়াও তিনি স্থানীয় জনসাধারণ ও সামরিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।”
সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ দক্ষিণ সুদানের সেনাবাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
