দক্ষিণ সুদান সফরে সেনাপ্রধান
মালদ্বীপ সফর শেষে সরকারি সফরে দক্ষিণ সুদানে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শুক্রবার তিনি দক্ষিণ সুদানে পৌঁছান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেখানে বলা হয়, জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল সানতিনো দেং উল এবং সেদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (আনমিস) ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মো. মাইন উল্লাহ চৌধুরীসহ অন্যান্য বাংলাদেশি ও দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
এই সফরে সেনাপ্রধান সাত সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সফরকালে তিনি দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন এবং সুদান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি, চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আইএসপিআর জানিয়েছে।
সফর শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা ২৩ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
গত ১৩ ফেব্রুয়ারি সেনাপ্রধান তিন দিনের সরকারি সফরে মালদ্বীপে যান। সেখান থেকে তিনি দক্ষিণ সুদানে পৌঁছান।
