২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই ভূমি ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী

ডিজিটাল সেবা প্রবর্তন এবং আইন ও বিধিবিধান সংশোধন করে টেকসই ভূমি ব্যবস্থাপনা স্থাপনে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 07:34 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

বৃহস্পতিবার 'বার্তা, দাপ্তরিক স্মৃতিকোষ এবং অনলাইনে জলমহালের আবেদন প্রক্রিয়া'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “এই টেকসই ভূমিব্যবস্থায় সঠিক দলিলাদি ছাড়া কেউ কোনো জমি দখল করে রাখতে পারবে না। এর ফলে অবৈধ দখলদাররা ভূমি দস্যুতার সুযোগ পাবে না।

সব সায়রাত মহালের সম্পদ ব্যবস্থাপনা ধীরে ধীরে ডিজিটাল করা হবে জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, “ইতোমধ্যে ৭৬ শতাংশ সরকারি ভূ-সম্পদ, খাসজমি ও সায়রাত মহালের তপসিল ভূমি তথ্য ব্যাংকে আপলোড করা হয়েছে।

“ভূমি তথ্য ব্যাংক চালু হয়ে গেলে সংশ্লিষ্ট প্রকৃত পেশাজীবী ও ব্যবসায়ীদের কাছে স্বচ্ছতা ও দক্ষতার সাথে সরকারি সম্পদ ইজারা দেওয়া সম্ভব হবে। এতে সরকারের রাজস্ব আয় বহুগুণে বৃদ্ধি পাবে।”

ইজারা ব্যবস্থার সংস্কারের কথা জানিয়ে ভূমি সচিব মোস্তাফিজুর রহমান বলেন, “ইতোমধ্যে অটোমেটেড চালান সিস্টেমের সাথে ইন্টিগ্রেডেট করে ভূ-সম্পদ ইজারা ব্যবস্থার জন্য অর্থ গ্রহণের সিস্টেম স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

“তখন পেমেন্ট গ্রহণের জন্য ব্যাংক ড্রাফট গ্রহণের প্রয়োজন হবে না। এর ফলে ভবিষ্যতে ইজারা গ্রহীতাদের আর ব্যাংকে যেতে হবে না।”

জলমহাল ইজারায় এখন অনিয়মের সুযোগ নেই দাবি করে তিনি বলেন, “প্রচলিত পদ্ধতিতে জলমহাল ইজারার আবেদনে অনেক সময় মধ্যস্বত্বভোগী ও দালালদের নানা অপকৌশলের কারণে প্রকৃত মৎস্যজীবীগণ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেন। এখন আর সেই সুযোগ নেই।

“পরীক্ষামূলকভাবে অনলাইনে জলমহাল আবেদন শুরুর পর কোনো ধরনের অভিযোগ আসেনি।” 

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক বলেন, “অনলাইনে জলমহাল আবেদন ব্যবস্থার কারণে প্রকৃত মৎস্যজীবীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে জলমহাল ইজারা গ্রহণ করতে পারবেন।

“ইতোমধ্যে সারা দেশে ১৪ লাখের অধিক মৎস্যজীবীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।”

ভূমিমন্ত্রী বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীকে 'বার্তা' অ্যাপের মাধ্যমে শুভেচ্ছা পাঠান।

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য আদান প্রদানের অ্যাপ হচ্ছে ‘বার্তা’। এতে তাৎক্ষণিক ভয়েস বা টেক্সট আদান প্রদানের সুযোগ, ভূমি মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার মধ্যে আন্তঃযোগাযোগ এবং তাৎক্ষণিক কেন্দ্রীয় বা বিভাগভিত্তিক বা জেলাভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ আছে।

অনুষ্ঠানে ‘দাপ্তরিক স্মৃতি কোষ’র ওপর একটি সচিত্র উপস্থাপনা করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান জাহিদ হোসেন পনির।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, “তৃতীয় লিঙ্গের মানুষের সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারটি আইনের আওতায় নিয়ে আসলে তারা আইনি কাঠামোর মধ্যে তাদের সমস্যার প্রতিকার পাবেন।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।