রিয়ার অ্যাডমিরাল আজাদ হাই কমিশনার হয়ে যাচ্ছেন মালদ্বীপে
নৌ বাহিনীর রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে মালদ্বীপে পাঠাচ্ছে সরকার।
বুধবার এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মালে মিশনের কার্যভার গ্রহণের দিন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন।
মালদ্বীপে হাই কমিশনার হিসাবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন আজাদ।
১৯৮৭ সালের জুলাইয়ে নৌবাহিনীতে কমিশন পাওয়া আবুল কালাম আজাদ বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে ব্যতিক্রম ব্যতিক্রমী কাজের স্বীকৃতি হিসাবে ‘নৌ গৌরব পদক’ পেয়েছেন এই কর্মকর্তা।
