ইন্টারনেটে ছবি ছড়ানোর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইলে এক প্রবাসীর স্ত্রীর সাথে ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
মো. নুরু মিয়া নামের ওই যুবক পেশায় একজন অটোরিকশা চালক। তিনি উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভৈইশ্বর মধ্যমপাড়ার ইসহাক আলীর ছেলে।
মঙ্গলবার সকালে তিনি ওই নারীর কাছে টাকা আদায় করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় জানিয়ে সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, “বিষয়টি আমাকে একজন ফোনে জানিয়েছেন, আমরা তা গুরুত্বের সাথে দেখছি। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
ওই নারীর স্বামীর বড় ভাই বলেন, “পাঁচ মাস আগে নুরু মিয়া তার অটোরিকশায় করে আমার ছোট ভাইয়ের স্ত্রীকে স্থানীয় বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে তার বাড়ি নিয়ে যায়। পরে সেখানে জোর করে তার সাথে বেশ কিছু ছবি তোলে।
“এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েকবারে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে নুরু। এছাড়া আমার ছোট ভাইয়ের স্ত্রীর দুই ভরি স্বর্ণের গহনা ও একটি স্মার্ট ফোনও নিয়ে নিয়েছে ওই প্রতারক।"
নুরু মিয়া সম্প্রতি ওই নারীর সৌদিপ্রবাসী স্বামীর কাছেও ওইসব ছবি পাঠিয়ে আরও দুই লাখ টাকা দাবি করেন। তা না হলে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন৷ ওই প্রবাসী পরে তিনি বাংলাদেশে থাকা তার স্বজনদের বিষয়টি জানিয়ে স্ত্রীর সাথে কথা বলেন।
গত কয়েকদিন ধরে নুরু ফের টাকার জন্য ওই নারীকে ফোন করতে থাকলে টাকা দেওয়ার কথা বলে মঙ্গলবার সকালে বাড়িতে আসতে বলা হয় ওই যুবককে। পরে টাকা নিতে সেখানে উপস্থিত হলে তাকে ওই নারীর আত্মীয় এবং স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
সরাইল থানার এসআই মিজানুর রহমান বলেন, “নুরুকে যেখানে স্থানীয়রা আটক করেছিল, সেখানে আমি আমার সহকর্মীদের নিয়ে গিয়েছিলাম। তাকে জিজ্ঞাসাবাদ করেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি। এখন তাকে থানায় এনেছি, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
