২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগের এক বাসা থেকে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি পুলিশ কনস্টেবলের স্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 12:53 AM

Updated : 02 Aug 2022, 02:55 PM

পরিবারের অভিযোগ স্বামীর নির্যাতনে মৃত্যু হয়েছে লাবনী আক্তার (৩০) নামের ওই গৃহবধুর। তার স্বামী পুলিশ কনস্টেবল অভিজিৎ বিশ্বাস।

আর সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল বাসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাবনী ‘আত্মহত্যা’ করেছেন।এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তিনি জানান, শনিবার দুপুরে সবুজবাগ থানা এলাকার মাদারটেক চৌরাস্তার পাবনা গলির ভাড়া বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাবনী নামের ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।

“আমরা দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করি।”

লাবনী আক্তার ও অভিজিৎ বিশ্বাস গত বছর ৮ ডিসেম্বর বিয়ে করেছিলেন।

খুলনা জেলার সদর উপজেলার দক্ষিণ টুথপাড়া গ্রামের মৃত আবুল বাশারের মেয়ে লাবনী আক্তার।

বিয়ের পর অভিজিৎ এর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন জানিয়ে পুলিশ কর্মকর্তা আমিনুল জানান, মাদারীপুর জেলার রজন উপজেলার অভিজিৎ ঢাকা জেলা পুলিশ লাইনে কর্মরত।

লাশ উদ্ধারের পর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান হয়।

সেখানে লাবনী আক্তারের খালাতো ভাই মোঃ নুর হোসেন নয়নের অভিযোগ তার বোনকে নির্যাতন করা হতো। এই নির্যাতনের কারণে লাবনী আত্মহত্যা করে থাকতে পারে অথবা হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে।

লাবনী আক্তারের আগে একটি বিয়ে হয়। সেই ঘরে ৮/৯ বছরের এক কন্যা সন্তান রয়েছে। ৫/৬ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় লাবনীর।

এরপর ফেইসবুকে অভিজিতের সঙ্গে পরিচয় হয় জানিয়ে নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিজিৎ নিজের নাম এবং ধর্ম পোপন করে সোহাগ নাম পরিচয় দিয়ে লাবনীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। 

পরে অবশ্য লাবনীর পূর্বের বিয়ের বিষয়টিও জেনে যায় অভিজিত এবং পরস্পর সব জেনেশুনেই তারা ‘কোর্ট ম্যারেজ’ করে বলেন তিনি।

আগের ঘরের সন্তানকে নিয়েই থকতেন জানিয়ে তিনি বলেন, সম্প্রতি লাবনী অন্তঃসত্ত্বা হলে বাচ্চা নষ্ট করার জন্য লাবনীকে চাপ দিত, নির্যাতন করত। কিন্তু লাবনী অনড় ছিল। তাছাড়া লাবনীর মেয়েকে নানাভাবে কটু কথাও বলতো।

“শুক্রবার গালাগালি করে লাবনীর মেয়েকে তার নানীর কাছে অভিজিৎ পাঠিয়ে দেয়। শনিবার সকালে লাবনীর মেয়ে বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কাউকে না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়।“

অভিজিত সারারাত নির্যাতন করে ভোরে চলে যায় বলে খালাত ভাই নয়নের অভিযোগ।

এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে পরিদর্শক আমিনুল জানান, কনস্টেবল অভিজিতের সঙ্গে যোগাযোগ হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।