ঢাকায় এক দিনে ৩ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকায় গত এক দিনে তিনজন নারীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এছাড়া লাশ উদ্ধার করা হয়েছে ছিন্নমূল এক নারীর।
প্রতীকী ছবি
চারজনের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং একজনের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টায় খিলগাঁও কবরস্থানের দক্ষিণ-পূর্ব কোণের একটি গাছের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধা রওশন আরা আত্মহত্যা করেন বলে জানান খিলগাঁও থানার উপ-পরিদর্শক সোনিয়া পারভীন।
মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, “রওশন আরা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার ছেলে মো. সজিব জানিয়েছেন, তাদের মা বেশ কয়েক বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন।
মাঝে মধ্যে বিভিন্ন সময়ে তিনি বাসার বাইরে চলে যেতেন।”
মুগদা থানার উপপরিদর্শক মো. আবুল আনছার জানান, “বুধবার রাতে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শান্তা।”
শান্তার আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু জানতে পারেননি বলেন জানান উপপরিদর্শক আনছার।
শান্তা কুমিল্লার মেঘনা উপজেলার ব্রাহ্মণচর গ্রামের কামাল এর মেয়ে। মুগদার মানিকনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক শিবাস্তিন বালা জানিয়েছেন, পারিবারিক কলহে গৃহবধূ পূজা ঘোষ (২৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকাল সাড়ে ৭টায় যাত্রাবাড়ির দয়াগঞ্জ জেলে পাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃতার স্বামী দুধ বিক্রেতা নরেশ ঘোষ দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা শিবাস্তিন বলেন, “পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।”
পূজার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওয়ারী থানার এসআই শাহজাহান মিয়া জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১০টায় ওয়ারীর ওয়ান্ডারল্যান্ড পার্কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, “ওই নারী কয়েকদিন ধরে পার্কের ভেতরেই ছিলেন। সেখানে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
