২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইউপিতে ভোটের হার ৭২%

আট ধাপে অনুষ্ঠিত এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সার্বিক ভোটের হার ৭২ শতাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 11:35 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

আট মাসের এ ভোটকে কেন্দ্র করে আগে-পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সমর্থকদের সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানিও ঘটেছে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিদায়ের আগে ধাপে ধাপে ইউপি ভোটও শেষ হল। আগামী ১৪ ফেব্রুয়ারি পাঁচ সদেস্যর এ কমিশনের মেয়াদ পূর্ণ হচ্ছে।

বৃহস্পতিবার সাতটি ইউপিতে ভোট শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আট ধাপে নির্বাচন উপযোগী ৪ হাজার ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। এবারে গড়ে ৭২.২০% ভোট পড়েছে।

নির্বাচনী সহিংসতায় নিহতদের সঠিক পরিসংখ্যান দিতে পারেননি তিনি। তবে বলেছেন, গণমাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে একশ’র কমবেশি প্রাণহানির তথ্য এসেছে।

“অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। এতে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।”

সহিংসতায় প্রাণহানির ঘটনায় নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করছে বলেও জানান তিনি।

গত বছরের জুন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এবারের ইউপি ভোট চলে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলে সহিংসতা।

নির্বাচনে সহিংতা নিয়ন্ত্রণ করতে না পারার অতৃপ্তির কথা ইতোমধ্যে জানিয়েছেন সিইসি কে এম নূরুল হুদা।

তার ভাষ্যে, মানুষের মনোভাব ঠিক হলে পরিবেশ পরিস্থিতি ঠিক হবে। সহিংসতা নতুন কিছু নয়, আর তা এবারেই শেষ হয়ে যাবে- তেমনও নয়।…কথা দিয়ে তা নিয়ন্ত্রণ করা যায় না; ‘বোধ সৃষ্টি’ না হলে তা সম্ভব নয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সাতটি ইউপির ভোট শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব অশোক বলেন, সব মিলিয়ে আটটি ধাপে মোট বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩৭১ জন নির্বাচিত হয়েছেন।

এবার চার সহস্রাধিক ইউপির মধ্যে ৩৯৪টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট নিয়েছে কমিশন।

পুরনো খবর:

ইউপি ভোট: সপ্তম ধাপে নৌকা ৪০, স্বতন্ত্র ৮৬