২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাই কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 09:28 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাকে এ দায়িত্ব দিয়েছেন বলে বৃহস্পতিবার হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ায় সেই পদে হাই কোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি কী করে?

দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান- বাংলাদেশের সংবিধানের ২৭নং অনুচ্ছেদে তাই বলা আছে। সুতরাং আইনি সহায়তা পাওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার।

সাধারণভাবে আইনগত সহায়তার অর্থ হচ্ছে, আর্থিকভাবে অসচ্ছল বা আর্থ-সামাজিক নানা কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ ব্যক্তির আইনি অধিকার রক্ষা এবং তা নিশ্চিত করতে বিভিন্ন প্রক্রিয়ায় সহায়তা দেওয়া। 

বেসরকারি কয়েকটি উন্নয়ন সংস্থা বা সংগঠন ছাড়া ২০০০ সালের আগে এমন ব্যক্তি বা জনগোষ্ঠীকে সরকারিভাবে আইনগত সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা ছিল না। ওই বছর সরকার 'আইনগত সহায়তা প্রদান আইন ২০০০' নামে একটি আইন করে। 

এ আইন হওয়ার পরই সরকারিভাবে অসচ্ছল বা আর্থ-সামাজিক নানা কারণে বিচার পাওয়ার ক্ষেত্রে অসমর্থ ব্যক্তিকে আইনগত সহায়তা দেওয়ার কাজ শুরু হয়।

এরপর সরকার ২০১৩ সালে আইনটি সংশোধন করে। তার পরের বছর ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির অফিস উদ্বোধন করেন তখনকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরপরই গঠন করা হয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর কমিটির চেয়ারম্যান করা হয় হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হককে। 

পরের বছর ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি বিচারপতি নিজামুল হক আপিল বিভাগের বিচারপতি হলে ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান করা হয় হাই কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে।

সম্প্রতি তিনিও আপিল বিভাগে চলে যাওয়ায় হাই কোর্টের বিচারক জাহাঙ্গীর হোসেন এই পদে আসছেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের তৃতীয় চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার আগের দুই চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও বিচারপতি এম. ইনায়েতুর রহিমও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন।