২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সড়কে সাইকেল আরোহী ডেলিভারিম্যান নিহত

ঢাকার পলাশী মোড়ে কভার্ড ভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 06:27 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

Image
নিহত মো. ইয়াসিন।

নিহত মো. ইয়াসিন।

নিহত মো. ইয়াসিন (৩০) পড়াশোনার পাশাপাশি ই কমার্স প্রতিষ্ঠানে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন বলে স্বজনরা জানিয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

বৃহস্পতিবার বিকালে পলাশী মোড়ে ইয়াসিন নিহত হন বলে শাহবাগ থানার এসআই কাওছার আহামেদ ভুঁইয়া জানিয়েছেন।

যে কভার্ডভ্যানটি ধাক্কা দিয়েছিল, তার চালক মো. মানিকেই ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তাকে বাঁচানো যায়নি।

মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবকটি বাইসাইকেল চালিয়ে একটি রিকশার সাথে ধাক্কা লেগে আমার গাড়ির সামনে এসে পড়ে।”

শাহবাগ থানার এসআই কাওছার জানান, কাভার্ডভ্যানটি জব্দ এবং চালক মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

ইয়াসিনের দুর্ঘটনায় পড়ার খবর শুনে তার স্বজনরা ঢাকা মেডিকেলে ছুটে আসেন।

ভগ্নিপতি মফিজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াসিন একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাস্টার্সে পড়াশোনা করতেন। পড়াশোনার অবসরে একটি খাবার তৈরির প্রতিষ্ঠানে ডেলিভারিম্যান হিসাবে কাজ করতেন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চরশাহি গ্রামের মৃত আবুল কেরামতের একমাত্র ছেলে ইয়াসিন। তার বড় দুই বোন রয়েছে।

ইয়াসিন ঢাকার জিগাতলা কলোনিতে মেসে থাকতেন।