২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় মিজান-বাছিরের ভাগ্যে কী? উত্তর মিলবে ২৩ ফেব্রুয়ারি

অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের সাজা হবে কিনা- তা জানা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 03:40 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম সেদিন আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন।

বৃহস্পতিবার দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক ২৩ ফেব্রুয়ারি মামলার রায়ের তারিখ নির্ধারণ করে দেন।

বাছিরের পক্ষে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এদিন আদালতে যুক্তিতর্ক শুনানি করেন। মিজানুরের পক্ষে যুক্তি দেন আইনজীবী এহসানুল হক সমাজী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল গত ২৪ জানুয়ারি যুক্তি উপস্থাপন করে আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন।

গত ২৩ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রের ১৭ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য শুনেছে আদালত। যুক্তিতর্ক শুনানির আগে ৩ জানুয়ারি আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মিজানুর রহমান ও এনামুল বাছির। পরে ১২ জানুয়ারি মিজান ৬ পৃষ্ঠার এবং এনামুল বাছির ১২ পৃষ্ঠার লিখিত বক্তব্য আদালতে জমা দেন।

এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় ২০১৯ সালে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানকে।

এর চার মাস পর তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক; এক হাত ঘুরে সেই অনুসন্ধানের দায়িত্ব পান কমিশনের তৎকালীন পরিচালক এনামুল বাছির।

সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির।

এর পক্ষে তাদের কথপোকথনের কয়েকটি অডিও ক্লিপ একটি টেলিভিশনকে দেন তিনি। ওই অডিও প্রচার হওয়ার পর দেশজুড়ে শুরু হয় আলোচনা।

অভিযোগটি অস্বীকার করে বাছির দাবি তখন করেন, তার কণ্ঠ নকল করে ডিআইজি মিজান কিছু ‘বানোয়াট’ রেকর্ড একটি টেলিভিশনকে সরবরাহ করেছেন।

অন্যদিকে ডিআইজি মিজান বলেন, সব জেনেশুনেই তিনি কাজটি করেছেন ‘বাধ্য হয়ে’।

এরপর ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেন। পরে তিনি অভিযোগপত্র দেন।

‘অবৈধভাবে সুযোগ প্রদানের হীন উদ্দেশ্যে’ এনামুল বাছির ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার কথা জানানো হয় অভিযোপত্রে। 

গত বছর ১৮ মার্চ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।

ঘুষের অভিযোগ ওঠার পর তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। ২০২০ বছরের ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। আরেক মামলায় গ্রেপ্তার ডিআইজি মিজানকেও পরে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুরনো খবর

ডিআইজি মিজান ঘুষ দিয়েছিলেন চাপে পড়ে: আইনজীবী  

কাজটি করেছি তাকে ফাঁসাতে, নিজেকে বাঁচাতে: ডিআইজি মিজান  

ডিআইজি মিজানের কাছ থেকে ঘুষ: দুদক পরিচালক বাছির সাময়িক বরখাস্ত  

গণমাধ্যমে ভুল তথ্যে আমি ক্ষতিগ্রস্ত: দুদকের বাছির  

দুদক থেকে বেরিয়ে ডিআইজি মিজান বললেন, ‘স্যরি’  

ঘুষের মামলায় মিজান-বাছিরের বিচার শুরু  

মিজান-বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন  

৪০ লাখ টাকা ঘুষ: পুলিশের মিজান, দুদকের বাছিরের বিরুদ্ধে মামলা