২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহসিন খানের আত্মহত্যার ভিডিও সরাতে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ

ফেইসবুক লাইভে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ভিডিওগুলো সরিয়ে ফেলার কাজ চালিয়ে যেতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 07:02 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এসব ভিডিও অপসারণ নিয়ে বিটিআরসির প্রতিবেদন দেখার পর এ আদেশ দেয়।

আদেশে বলা হয়, ওই আত্মহত্যার ভিডিও অপসারণে আরজি জানানো আইনজীবী একেএম ফয়েজ যদি এ সংক্রান্ত কোনো ভিডিও লিঙ্ক বিটিআরসিকে দেয় তা যেন সঙ্গে সঙ্গেই অপসারণ করা হয়।

গত ২ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডির বাসায় ফেইসবুক লাইভে এসে আত্মহত্যা করেন মহসিন। মুহূর্তেই এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ছড়িয়ে পড়ে।

পরদিন ওই আত্মহত্যার বিষয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন ও ভিডিওর বিষয়ে আইনজীবী একেএম ফয়েজ আদালতের নজরে এনে তা অপসারণের আরজি জানালে স্বপ্রণোদিত রুলসহ আদেশ দেওয়া হয়।

আদেশে আবু মহসিন খানের আত্মহত্যার ভিডিও ফেইসবুকসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে নির্দেশ দেয় হাই কোর্ট।

৬ ঘণ্টার মধ্যে সরাতে হবে মহসিন খানের আত্মহত্যার ভিডিও ও ছবি

ফেইসবুক লাইভে মাথায় গুলি করে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা  

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ ছাড়াও বুধবার আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

মামলাটি দুই সপ্তাহের জন্য মুলতবি রেখে আদালত আগামী ১ মার্চ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন রেখেছে বলে জানান আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

শুনানিতে এ আইনজীবী জানান, ফেইসবুক লাইভে এসে ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ২২৭ ভিডিও লিঙ্ক চিহ্নিত করেছে বিটিআরসি। এর মধ্যে ২০২ লিঙ্ক অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, “ফেইসবুকে চিহ্নিত করা হয়েছে ২১১টি লিঙ্ক, তার মধ্যে ১৯০টি সরানো হয়েছে। ইউটিউবে চিহ্নিত করা ১০টি লিঙ্ক থেকে ছয়টি সরানো হয়েছে। এছাড়া লাইকি ও টিকটক থেকে তিনটি করে ভিডিও অপসারণ করা হয়েছে।”

আদালতে জ্যেষ্ঠ বিচারক ফারাহ মাহবুব বলেন, “এরকম ভিডিও থেকে কেউ উৎসাহ পাক এটা আমরা কোনোভবেই চাই না। দেশের নাগরিক সুরক্ষিত থাকুক এটাই আমাদের চাওয়া, আমাদের কাম্য।”