৬ ঘণ্টার মধ্যে সরাতে হবে মহসিন খানের আত্মহত্যার ভিডিও ও ছবি
চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনার ভিডিও এবং ছবি ফেইসবুকসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে ছয় ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ ছাড়া ওই ভিডিও ইলেকট্রনিক মাধ্যমসহ যে কোনো ধরনের মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত এই আদেশ দেয়।
আদেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ছয় ঘণ্টার মধ্যে এ ভিডিও এবং ছবি সরাতে বলা হয়েছে। এই নির্দেশনাকে ‘মোস্ট আরজেন্টে’ হিসাবে বিবেচনা করতে বলেছে আদালত।
আদেশ বাস্তবায়ন করে তিন কার্যদিবসের মধ্যে মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বিটিআরসিকে। আগামী ৯ ফেব্রুয়ারি বিষয়টি পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে।
পাশাপাশি, দুর্ভাগ্যজনক ওই ঘটনার ছবি-ভিডিও অপসারণে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।
সকল প্রিন্ট-ইলেকট্রনিক গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ওই ঘটনার ছবি ও ভিডিও সম্প্রচার এবং সরবরাহ থেকে নিবৃত্তের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য সচিব, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি, বিটিআরসি চেয়ারম্যান,বিটিসিএল, বিটিসিএল চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সকে (অ্যাটকো) চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই আত্মহত্যার বিষয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন বৃহস্পতিবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ।
শুনানিতে বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
সমরেন্দ্রনাথ বিশ্বাস পরে সাংবাদিকদের বলেন, এই ভিডিও অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না-তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।
বিটিআরসির সাথে দ্রুত মোবাইল ফোনে যোগাযোগ করে আদেশের বিষয়ে তাদেরকে অবহিত করতেও সরকারপক্ষের আইনজীবী এবং বিটিআরসির আইনজীবীকে তাগাদা দেওয়া হয়েছে।
বুধবার রাতে মহসিনের লাশ উদ্ধারের পর ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেছিলেন, মৃতদেহের পাশেই তার বৈধ পিস্তলটি পড়ে ছিল। প্রস্তুতি নিয়েই তিনি আত্মহত্যা করেছেন, চিরকুটে সবকিছু লিখেও গেছেন।
“ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, ব্যবসা করতেন এবং লোকসানের ভারে কীভাবে জর্জরিত হয়েছেন, সব কিছুই লিখেছেন।”
ফেইসবুক লাইভে মহসিন খান নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পাশাপাশি নিজের নিঃসঙ্গ জীবনযাপনে নানা কষ্টের কথা বলেছিলেন।
“একা থাকা যে কী কষ্ট! যারা একা থাকে তারাই বোঝে। আমার এখন পৃথিবীর মানুষের প্রতি কোন আবেগ নেই। আমি প্রতারিত হয়েছি।”
বিভিন্নজনের কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকা পাওনার কথাও বলেছিলেন মহসিন। পরিবারের সদস্যদের নিয়েও মনোবেদনার কথা বলেন তিনি। দুই সন্তানকে মিলেমিশে থাকতেও বলেন তিনি।
