ঢাকা চিড়িয়াখানায় বাঘ শাবকের মৃত্যু নিয়ে ফের তদন্ত: মন্ত্রী
গেল নভেম্বরে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দুই বাঘ শাবকের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে আবারও তদন্ত করার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
এ চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবক দুটির মৃত্যুর ঘটনায় কারও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে তিনি সোমবার জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেন।
এদিন সকালে তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণের স্থান পরিদর্শন করেন। প্রাণীদের খাবার ও স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গেল বছর নভেম্বরে ‘অবন্তিকা’ ও ‘দুর্জয়’ নামের দুটি বাঘ শাবক মিরপুর চিড়িয়াখানায় মারা যায়, যেগুলো জন্মেছিল ওই বছর ২৬ এপ্রিল। জন্মের আড়াই মাস পর বেঙ্গল টাইগার প্রজাতির এ দুই বাঘ শাবকের মধ্যে মেয়েটির নাম রাখা হয় ‘অবন্তিকা’, আর ছেলেটির ‘দুর্জয়’।
সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যুর খবর নিয়ে চলছে নানামুখী আলোচনা। চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে সেখানে ১১টি জেব্রা এবং একটি বাঘ ও সিংহ মারা যায়।
এ নিয়ে আলোচনার মধ্যেই ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করলেন মন্ত্রী।
বাঘ শাবক দুটির মৃত্যুর বিষয়ে রেজাউল করিম জানান, কর্তব্যে অবহেলায় নাকি সংক্রমণে মারা গেছে- তা দেখার জন্য এগুলোর পোস্ট মর্টেম ও ভিসেরা রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে; তদন্তও করা হয়েছে দুই দফা।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ে তদন্তের জন্য পুনরায় আদেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, “চিড়িয়াখানার বিভিন্ন কর্মকাণ্ডে যারা জড়িত অথবা যারা খাবার সরবরাহ করে বা এর উন্নয়ন প্রক্রিয়ায় যারা জড়িত তাদের দায়িত্বে গাফিলতি, অসহযোগিতা, অযোগ্যতা আছে কি না, পশু চিকিৎসায় ভেটেরিনারি ডাক্তার দক্ষতার পরিচয় দিয়েছে কি না, অসুস্থ প্রাণীর চিকিৎসা যথাসময়ে হয়েছে কি না, অসুস্থতার ক্ষেত্রে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কোনো ঘাটতি আছে কি না- এসব বিষয় খতিয়ে দেখার জন্য আমরা চিড়িয়াখানা পরিদর্শন করেছি।”
পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর কারও গাফিলতি, দায়িত্বহীনতা বা অযোগ্যতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেজাউল করিম।
আগের প্রতিবেদনে সংক্রমণের কথা বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “প্রয়োজনে তৃতীয় রিপোর্ট আনা হবে এবং তাতেও আমরা সন্তুষ্ট না হলে দেশের বাইরে রিপোর্টের জন্য পাঠানো হবে।
“বাস্তবে খাবারের কোনো ত্রুটি বা অব্যবস্থাপনা অথবা এমন কোন ব্যাকটেরিয়ার আক্রমণে হয়েছে- যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, এ সামগ্রিক বিষয়গুলো পূর্ণাঙ্গ রিপোর্টে আসার পর আমরা বিবেচনা করব।”
বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান চিড়িয়াখানায় কোনোরকম অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী।
চিড়িয়াখানার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগের চেয়ে চিড়িয়াখানায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু উন্নয়ন আরও দরকার। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা আরও দরকার। যেহেতু বিষয়গুলো তদন্তাধীন এজন্য এ বিষয়ে চূড়ান্ত মতামত ব্যক্ত করা সঠিক হবে না।
“এক প্রাণী থেকে অন্য প্রাণীতে রোগ সংক্রমণ যাতে না হয় সেজন্য অভ্যন্তরীণভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।“
সাড়ে তিন মাস আগে আরও দুটি বাঘ শাবকের জন্ম হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ।
তাদের নিরাপত্তা ও জীবাণু থেকে সুরক্ষায় মাছি বা অন্য কোন প্রাণী যাতে বাঘের খাঁচায় প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়নের জন্য মহাপরিকল্পনা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
