২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানী ঢাকায় দোতালার ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 07:06 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

রোববার দুপুরে উত্তর যাত্রাবাড়ীতে মোঃ বাপ্পি (৫) নামে ওই শিশু মারা যায় বলে পুলিশ জানায়।

ওই এলাকার ইসলামিয়া হাসপাতাল গলির আমজাদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন শিশুটির পিতা গাড়ি চালক মোঃ স্বপন মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া স্বজনের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বপন ঘটনার সময় বাসায় ছিলেন না।

"মা হোসনে আরা বেগম বাসায় কাজে ব্যস্ত ছিলেন। বাপ্পী বাসার পাশে একটি ভবনের অন্যান্য ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে দোতালা থেকে নিচে পড়ে যায়।"

স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে পরে সেখান থেকে আল করিম হাসপাতালে নেন।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, "দুই হাসপাতাল ঘুরে বিকাল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।"

তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়।